নয়া দিগন্ত ডেস্ক
ইরানে সরকার পরিবর্তনের একটি গোপন পরিকল্পনা ব্যর্থ হওয়ায় গোয়েন্দা সংস্থা মোসাদের দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন সংস্থাটির প্রধান রোমান গফম্যান। ইসরাইলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে। যৌথভাবে প্রণীত ওই পরিকল্পনাটি গোয়েন্দা ও মাঠপর্যায়ে বাস্তবায়ন করা সম্ভব না হওয়ায় তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন ছিলেন মোসাদের গোয়েন্দা পরিদফতরের প্রধান, যিনি মাত্র কয়েক মাস আগে এই পদে নিযুক্ত হন। অন্যজন সংস্থাটির ইরান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে প্রতিবেদনে এই দুই কর্মকর্তার কারো নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে পরিকল্পনাটি তৈরি করা হয়েছিল। পরিকল্পনাটির মূল লক্ষ্য ছিল মার্কিন ও ইসরাইলি বিমানবাহিনীর সুরক্ষায় ইরানের অভ্যন্তরীণ বিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়া এবং সরকারবিরোধী আন্দোলন উসকে দেয়া। তবে গোয়েন্দা বিশ্লেষণে দেখা গেছে, পরিকল্পনাটি হয় পুরোপুরি ব্যর্থ হয়েছে, না হয় কখনো বাস্তবায়ন পর্যায় পর্যন্ত পৌঁছাতেই পারেনি।
নিরাপত্তাসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে চ্যানেল ১২ জানায়, শুরু থেকেই মোসাদ প্রধান রোমান গফম্যানের সাথে ওই দুই কর্মকর্তার সম্পর্ক বেশ উত্তপ্ত ছিল।
মোসাদের অভ্যন্তরীণ নেতৃত্ব পুনর্গঠন এবং ইরানকেন্দ্রিক গোয়েন্দা কৌশলে পরিবর্তনের অংশ হিসেবেই এই বরখাস্তের ঘটনা ঘটেছে।



