একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে : রিজভী

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেয়া হবে না। বিরোধীদলের সমালোচনা করে তিনি বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে। অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়। গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে দাবি করে রিজভী বলেন, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। একই সাথে বাংলাদেশকে আর পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না। প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলে আমরা বিশ্বাস করি। এর ফলে বিদেশী বিনিয়োগ বাড়বে এবং অর্থনৈতিক সহযোগিতা আরো শক্তিশালী হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধী দলের সমালোচনা করে রিজভী বলেন, গণতন্ত্র, রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও জাতীয় স্বার্থের প্রশ্নে সরকার আপসহীন অবস্থানে রয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশবিরোধী কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই।

আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার কিংবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার ঘটনা নেই। সরকার নাগরিক অধিকার সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি জুলাইয়ে গণহত্যাকারীদের বিচারিক কার্যক্রম নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে।

এ সময় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা: জাহিদুল কবির, যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কেন্দ্রীয় ছাত্রদল সহসভাপতি ডা: তৌহিদুর রহমান আউয়াল, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।