নিজস্ব প্রতিবেদক
ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার, ভিআইপি বন্দীদের রাখার জন্য বিশেষ কারাগারসহ দেশের মোট ৭৫টি কারাগারে আটক লাখো বন্দীর কোনো ধরনের জানমালের ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার সন্ধ্যার পর কারা অধিদফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি নয়া দিগন্তকে বলেন, ভয়াবহ ভূমিকম্পের সময় তিনি রাস্তায় ছিলেন। ভূমিকম্প অনুভূত হওয়ার পর পরই সারা দেশের কারাগারে আটক বন্দীদের কোনো সমস্যাা হলো কি না তা সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে খোঁজ নেন। এর মধ্যে ঢাকার অদূরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার, ভিআইপি বন্দীদের জন্য বিশেষ কারাগার, গাজীপুরের কাশিমপুর কারাগারে মহিলা কারাগার, হাই সিকিউরিটি কারাগার, নরসিংদী কারাগার, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারসহ দেশের সব কারাগার থেকেই রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী কোনো কারাগারেই বন্দীদের কোনো সমস্যা হওয়ার তথ্য আমরা পাইনি। বন্দীরা সবাই ভালো আছেন বলে নিশ্চিত করা হয়েছে। কারাগারে ক্ষয়ক্ষতি না হওয়া সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে অতিরিক্ত আইজি প্রিজন্স বলেন, এখনকার কারাগারের বেশিরভাগ ভবনই নতুন করে নির্মাণ করা, যার কারণে সমস্যা হয়নি। কোনো হতাহতেরও সংবাদ পাওয়া যায়নি।



