নীলফামারী প্রতিনিধি
‘কালো ধোঁয়া আর নয়, হেঁটেই করব দূরত্ব জয়’ স্লোগানে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত হাজার কিলোমিটারের পদযাত্রায় নেমেছেন তরুণ ফাহিম মুনতাসির। পরিবেশ রক্ষা, জ্বালানি সাশ্রয় এবং মানুষকে হাঁটায় উদ্বুদ্ধ করতে তার এই উদ্যোগ। বর্তমানে তিনি নীলফামারীতে অবস্থান করছেন।
২৬ বছর বয়সী ফাহিম ব্রাহ্মণবাড়িয়া শহরের বাসিন্দা এবং সাংস্কৃতিক সংগঠন সোনালী সকালের সভাপতি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্থানীয় যুবশাখার প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। প্রকৃতি সংরক্ষণ ও জলাধার রক্ষার কাজে দীর্ঘদিন জড়িত ফাহিম গত ১০ জুলাই টেকনাফ থেকে এই পদযাত্রা শুরু করেন।
পথে পথে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করছেন ফাহিম। তুলে ধরছেন হাঁটার স্বাস্থ্যগত উপকারিতা, কার্বন নিঃসরণ হ্রাস ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব। ফাহিম বলেন, সুস্থ থাকতে প্রতিদিন অন্তত ১০ হাজার কদম হাঁটা উচিত। যানবাহনের ওপর অতি-নির্ভরশীলতায় শারীরিক পরিশ্রম কমছে এবং ব্যাধি বাড়ছে। হাঁটার অভ্যাস ব্যক্তিস্বাস্থ্য রক্ষার পাশাপাশি পরিবেশও বাঁচাবে। কেবল হাঁটার প্রচার নয়, জলাধার ভরাট, বন উজাড় ও বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংসের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোই লক্ষ্য। যাত্রাপথে মানুষের ভালোবাসা ও সহযোগিতা পাচ্ছেন জানিয়ে ফাহিম বলেন, পদযাত্রা শেষে তেঁতুলিয়া পৌঁছে ভবিষ্যতে দেশের ৬৪টি জেলা হেঁটে ভ্রমণের পরিকল্পনা রয়েছে তার।



