ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অস্ত্র মামলার আসামিকে নিয়ে জমিয়ত প্রার্থীর প্রচারণা

Printed Edition
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনী প্রচারণায় জমিয়ত প্রার্থী জুনায়েদ আল হাবীরের পাশে অস্ত্র মামলার আসামি শফিকুল ইসলাম ওরফে ছোট্ট আবু : নয়া দিগন্ত
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনী প্রচারণায় জমিয়ত প্রার্থী জুনায়েদ আল হাবীরের পাশে অস্ত্র মামলার আসামি শফিকুল ইসলাম ওরফে ছোট্ট আবু : নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের একাংশ) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবের নির্বাচনী প্রচারণাকে ঘিরে আলোচিত এক সন্ত্রাসীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়া আলোচিত সন্ত্রাসী শফিকুল ইসলাম ওরফে ছোট্ট আবুর সাথে প্রচারণা ও ছবি তোলার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

জানা গেছে, গত বুধবার (২১ জানুয়ারি) রাতে যৌথবাহিনী আশুগঞ্জ উপজেলার রেলগেট এলাকার নিজ বাসা থেকে শফিকুল ইসলাম ওরফে ছোট্ট আবুকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। অভিযানের সময় তার কাছ থেকে একাধিক ধারালো অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

শফিকুল ইসলাম আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের বাসিন্দা। তিনি আশুগঞ্জ বন্দর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে দলীয় সূত্রে জানা যায়। স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি আশুগঞ্জের বহুল আলোচিত ‘ফাইভ মার্ডার’ মামলার প্রধান আসামি। এ ছাড়া অতীতে একাধিক হত্যা মামলা ও আগ্নেয়াস্ত্র মামলায় গ্রেফতার হয়ে তিনি একাধিকবার কারাভোগ করেছেন বলেও অনুসন্ধানে জানা গেছে। এ দিকে মাওলানা জুনায়েদ আল হাবীবকে ফুল দেয়া, সভা-সমাবেশ, উঠানবৈঠক ও নির্বাচনী প্রচারণায় তার সাথে অংশ নেয়ার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলোতে শফিকুল ইসলামকে প্রার্থীর ঘনিষ্ঠভাবে পাশে থাকতে দেখা যায়।