২৬ দিন পর চৌগাছার নিখোঁজ পুলিশ সদস্যের লাশ মিললো পঞ্চগড়ে

Printed Edition

চৌগাছা (যশোর) সংবাদদাতা

যশোরের চৌগাছায় নৈমিত্তিক ছুটি নিয়ে বাড়িতে এসে নিখোঁজ হওয়া পুলিশ কনস্টেবল আখতারুজ্জামানের (৪৬) অর্ধগলিত লাশ ২৬ দিন পর পঞ্চগড়ের একটি আখ ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি রেজাউল করিম।

জানা যায়, পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন লাশের পরনে থাকা পোশাকের ছবি সংগ্রহ করে নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরির সূত্র ধরে বিভিন্ন থানায় পাঠান। এর ধারাবাহিকতায় গত শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চৌগাছা থানা পুলিশ লাশের ছবি ও পরিহিত পোশাক নিখোঁজ পুলিশ সদস্য আখতারুজ্জামানের পরিবারের সদস্যদের দেখালে তারা লাশ শনাক্ত করেন।

নিহত আখতারুজ্জামান যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুরী ইউনিয়নের জামালতা গ্রামের মৃত আনিচুর বিশ্বাসের ছেলে। পুলিশের কনস্টেবল হিসেবে বাগেরহাটের রামপাল থানায় কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আখতারুজ্জামান স্ত্রী-সন্তান নিয়ে চৌগাছা পৌর শহরের ইছাপুর বটতলা এলাকায় বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। গত ২৬ নভেম্বর তিনি পাঁচ দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। পর দিন ২৭ নভেম্বর সকালে ঝিনাইদহের মহেশপুর যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন এবং নিজের দুটি মোবাইল ফোন রেখে যান। এর পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় গত ৩০ নভেম্বর স্ত্রী শাহিনা আক্তার সীমা (৩৭) তার খোঁজ চেয়ে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

শাহিনা আক্তার সীমা বলেন, পরিহিত পোশাক ও সাথে থাকা অন্যান্য আলামত দেখে লাশ শনাক্ত করেছি।

এর আগে বৃহস্পতিবার পঞ্চগড় সদর উপজেলার ৬ নম্বর সাতমেড়া ইউনিয়নের নয়মাইল এলাকার একটি আখ ক্ষেতে স্থানীয়রা অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, নিখোঁজ সংক্রান্ত জিডির সূত্র ধরে পঞ্চগড় থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশ পরিবারের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। লাশের সুরতহাল ও আইনগত প্রক্রিয়া পঞ্চগড় সদর থানা পুলিশ স¤পন্ন করেছে।