বিনোদন প্রতিবেদক
বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী, সুরস্রষ্টা মরহুম বশির আহমেদকে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে প্রাপ্ত এই সম্মাননায় ভীষণ উচ্ছ্বসিত বশির আহমেদের ছেলে রাজা বশির ও মেয়ে। বশির আহমেদ স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন, এই ঘোষণা রাষ্ট্রীভাবে এসেছে বেশ কিছু দিন আগে। যে কারণে বশির আহমেদের ছেলে রাজা বশির সুদূর অস্ট্রেলিয়া থেকে ঢাকায় এসে বড় বোন হোমায়রা বশিরের সাথে বাবার এই পদক গ্রহণ করবেন- এমনই স্বপ্ন নিয়ে প্রতীক্ষা করছিলেন। কিন্তু পদক প্রদান অনুষ্ঠানে বশির আহমেদের পরিবারের পক্ষ থেকে একজনকে পদক গ্রহণের ঘোষণা যখন আসে তখন রাজা বশিরই স্বপ্রণোদিত হয়ে তাদের বংশপরম্পরার রীতি অনুযায়ী তার বড় বোন হোমায়রা বশিরকে পদকটি গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করেন। যে কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে বাবা বশির আহমেদের স্বাধীনতা পদকটি হোমায়রা বশিরই গ্রহণ করেন। রাজা বশির বলেন, ‘আমাদের বাবা যদি আজ বেঁচে থাকতেন তবে আজকের দিনটি সত্যিই অন্যরকম হতো। বাবা-মা বেঁচে থাকলে আজ হয়তো আমাদের পুরো পরিবারের সবচেয়ে আনন্দের দিন হয়ে উঠত। যদিও বুকের ভেতর অনেক কষ্ট। কিন্তু সেই কষ্টের মধ্যেও অনেক আনন্দ। বারবার বাবা আর মায়ের কথা ভেবে চোখে পানি চলে আসছে। আমরা বশির আহমেদ পরিবার কৃতজ্ঞ রাষ্ট্রের কাছে, দেশবাসীর কাছে, আব্বার ভক্তদের কাছে এবং সংবাদ মাধ্যমসহ সবার কাছে। ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আব্বা-আম্মাকে বেহেশত নসিব করেন।’ হোমায়রা বশির বলেন, ‘আমাদের প্রিয় পাপা, কিংবদন্তি শিল্পী বশির আহমেদ, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাছ থেকে মর্যাদাপূর্ণ স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেছেন।



