ক্রীড়া প্রতিবেদক
আবার দাবা অলিম্পিয়াডে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। এবারের দাবা অলিম্পিয়াডের ভেনু উজবেকিস্তানের সামারখন্দ। প্রতিবারের মতো এবারো বাংলাদেশের নারী ও পুরুষ দল খেলবে এই অলিম্পিয়াডে। দাবা অলিম্পিয়াড বিশ্ব দাবার সবচেয়ে বড় আসর। এই টুর্নামেন্টে ভালো করার জন্য বিগত বছর গুলোতে বিদেশী কোচকে নিয়োগ দিত বাংলাদেশ দাবা ফেডারেশন। গত বছর হাঙ্গেরিতে অনুষ্ঠিত দাবা অলিম্পিয়াডে অবশ্য বিদেশী কোচ ছিল না। এবার বিদেশী কোচ পাচ্ছেন ফাহাদ রহমান, ওয়াদিফা আহমেদ, নোশিন আনজুমরা। হাঙ্গেরির গ্রান্ডমাস্টার জোলটান বিরলি বাংলাদেশী দাবাড়–দের কোচিং করাবেন। যদিও তার কোচিং শুরু করার কথা ছিল ১ আগস্ট থেকে। তবে এখনো কাজ শুরু করেননি এই হাঙ্গেরিয়ান। বিশ্ব দাবার মূল সংস্থা ফিদেই এই কোচ দিচ্ছে।
অবশ্য ঢাকায় এসে তিনি কোচিং করাবেন না জোলটান বিরলি। তার কোচিং হবে অন লাইনে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত যতদিন খেলা চলবে ততদিনই তিনি অন লাইনে বাংলাদেশী দাবাড়–দের প্রশিক্ষণ দেবেন। এতে বাংলাদেশ দল ভালো করবে- এটাই সবার প্রত্যাশা। এই মুহূর্তে নারী দাবা দলের কোচের দায়িত্বে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। আর পুরুষ দলের কোচ মেহেদী হাসান পরাগ। উল্লেখ্য, গত দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ পুরুষ বিভাগে ৭৮তম এবং নারী বিভাগে ৮১তম হয়েছিল।
দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত জাতীয় দাবার সেরা পাঁচজন করে দাবাড়– অংশ নেয়ার সুযোগ পান। সেই হিসেবে এবার উজবেকিস্তান যাচ্ছেন পাঁচ পুরুষ দাবাড়– গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ এবং ফিদে মাস্টার তাহসীন তাজওয়ার জিয়া। আর পাঁচ নারী দাবাড়– হলেন- মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ফিদে মাস্টার নোশিন আনজুম, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুসরাত জাহান আলো এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ।



