নিজস্ব প্রতিবেদক
জুলাই গণ-অভ্যুত্থানভিত্তিক ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। শুক্রবার বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানের মিন্টু রোডের সরকারি বাসভবনে আয়োজিত এ প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। এ সময় নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের লক্ষ্য এখনো পূরণ হয়নি এবং রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে সংগ্রাম শুরু হয়েছে, তা কোনো ষড়যন্ত্রে থেমে যেতে দেয়া যাবে না।
গত ৫ আগস্ট থেকে শুরু হওয়া এ স্থিরচিত্র প্রদর্শনীতে ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছে। শুক্রবার সরকারি ছুটির দিনে প্রদর্শনীতে জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়।
প্রদর্শনী পরিদর্শনের সময় নাহিদ ইসলামের সাথে ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা: মাহমুদা আলম মিতু এমপি এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
জামায়াতের পক্ষ থেকে তাদের স্বাগত জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি, মোহাম্মদ সেলিম উদ্দিন, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, জাহিদুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা।
প্রদর্শনী শেষে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই এখনো শেষ হয়নি। স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী শক্তি এখনো জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রাষ্ট্র সংস্কার ও গণভোটের রায়ের বাস্তবায়ন হয়নি।’ তিনি অভিযোগ করেন, সরকার গণভোটের রায় নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে, রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে এবং বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ করছে। একই সাথে জুলাই আন্দোলনের সমন্বয়ক ও অংশগ্রহণকারীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না বলেও দাবি করেন তিনি।
এ ছাড়া পতিত সরকারের প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ না নেয়ারও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার জনগণের আস্থা হারিয়েছে এবং কাঠামোগত সংস্কার ছাড়া রাষ্ট্রে স্বৈরাচারী প্রবণতা ফিরে আসার আশঙ্কা রয়েছে।
অন্য দিকে মিয়া গোলাম পরওয়ার বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার সকাল ১১টায় বিভিন্ন দেশের ঢাকার দূতাবাস ও হাইকমিশনের কূটনীতিকরা ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন করবেন।



