নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় কালিগঞ্জে শিশুপুত্র নিহত ও মা আহত হয়েছেন। এ ছাড়া অন্যান্য স্থানে নিহত হয়েছেন আরো দুইজন।
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, সাতক্ষীরার কালিগঞ্জে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে মোস্তাকিম হোসেন নামে ছয় বছরের এক শিশু। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা মুসলিমা খাতুন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসুদনপুর এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শহিদুল ইসলাম বিশ্বাস তার স্ত্রী মুসলিমা খাতুন, ছেলে মোস্তাকিম ও পরিবারের সদস্যদের নিয়ে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে অবস্থিত এক আত্মীয়ের বাড়ি থেকে ইজিবাইকে নিজ বাড়িতে ফিরছিলেন। তারা মুকুন্দমধুসুদনপুর চৌমুহনী-সরদারপাড়া সড়কের মধ্যবর্তী স্থানে পৌঁছলে বাঁশতলা বাজার অভিমুখী দ্রুতগতির একটি ট্রাক (খুলনা মেট্রো ড ১১-০৩০৭) এর সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোস্তাকিম হোসেন ঘটনাস্থলে মারা যান, হাত ভেঙে যাওয়াসহ গুরুতর আহত হন মা মুসলিমা খাতুন।
জনতা ঘাতক ট্রাক এবং এর চালককে আটক করে। একপর্যায়ে উত্তেজিত জনতা চালককে মারধর ও ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকসহ চালক আলামিন হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর সদরে জৈনপুর পরিবহনের একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরুল আমিন (৪৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরো তিনজন। দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ।
বুধবার বিকেলে বাবুরহাট-পেন্নাই সড়কের আলিকার দোকান সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকার বাসিন্দা।
আহতরা হলেন- জেলার মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের শাহ আলম (৫০), একই উপজেলার কাজিরগাঁও গ্রামের সিএনজি চালক রায়হান (৩০) ও বাইশপুরের মো: কবির (৪০)।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে হতাহত সবাইকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে অটোরিকশা চালক রায়হানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার ধামরাই উপজেলার কালামপুর আঞ্চলিক মহাসড়কের মধুডাংগা এলাকায় ট্রাকচাপায় মো: বজলুর রশীদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। নিহত মো: বজলুর রশীদের বাড়ি ধামরাই উপজেলার কাঁঠালিয়া এলাকায়। তিনি পেশায় একজন পল্লী পশু চিকিৎসক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাক ঢাকার উদ্দেশে যাচ্ছিল মধুডাংগা ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলটির সাথে দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মো: বজলুর রশীদের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ট্রাকের হেলপারও আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।



