বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে বিদ্যুতের খুঁটি

Printed Edition
দোয়ারাবাজারে বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে বিদ্যুতের খুঁটি : নয়া দিগন্ত
দোয়ারাবাজারে বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে বিদ্যুতের খুঁটি : নয়া দিগন্ত

সোহেল মিয়া দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চাইরগাঁও গ্রামে গত দুই মাস ধরে পল্লী বিদ্যুতের চারটি খুঁটি আবাদি জমির ওপর হেলে ছিল। স্থানীয়রা খুঁটিগুলো বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখলেও শেষ রক্ষা হয়নি। গত সোমবার দু’টি খুঁটি ভেঙে সরাসরি ধানের জমিতে পড়ে গেছে। এতে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি চরম আতঙ্কে রয়েছেন কৃষক ও পথচারীরা।

সরেজমিন দেখা যায়, উপজেলার নরসিংপুর-সোনালী চেলা সড়কের পাশে দুটি খুঁটি ভেঙে জমির ওপর পড়ে আছে এবং বাকি দু’টি এখনো বাঁশ দিয়ে কোনো মতে আটকে রাখা হয়েছে। তারগুলো মাটির কাছাকাছি নুয়ে পড়ায় দুর্ঘটনার ভয়ে অনেক কৃষক তাদের জমিতে বোরো চারা রোপণ করতে পারছেন না। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি দুই মাস আগে বিদ্যুৎ অফিসকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। কৃষকরা ভয়-আতঙ্কে জমিতে নামতে সাহস করছে না। ফলে অনাবাদি রয়েছে জমি।

স্থানীয় বাসিন্দা ফয়সাল আহমদ বলেন, দীর্ঘদিন ধরে খুঁটিগুলো বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছিল। বিদ্যুৎ অফিসকে বারবার বলার পরও তারা আসেনি। এখন খুঁটি ভেঙে পড়ায় পুরো এলাকা বিদ্যুৎহীন। ভয়ে কৃষকরা জমিতে নামতে পারছেন না। এমনিতেই বিদ্যুৎ থাকছে না। যা একটু থাকতো তা আবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পুরো অন্ধকারে আছে এলাকা।

দোয়ারাবাজার পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম আব্দুর রশিদ বলেন, বিষয়টি আমরা জেনেছি। দ্রুতই টেকনিশিয়ান পাঠিয়ে খুঁটি সংস্কার ও বিদ্যুৎ সংযোগ চালুর ব্যবস্থা করা হবে। তবে দুই মাসেও কেন সমাধান হয়নি, তার কোনো স্পষ্ট জবাব দেননি তিনি।