বিনোদন প্রতিবেদক
দেশীয় চলচ্চিত্রের গত বছরের সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল সিনেমাগুলোর একটি ছিল ‘বরবাদ’। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নির্মাণে এবং জনপ্রিয় নায়ক শাকিব খানের অভিনয়ে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দর্শকপ্রিয়তার পাশাপাশি বক্স অফিসেও দারুণ সাফল্য অর্জন করে। কিন্তু সেই সাফল্যের পর ফের একসাথে কোনো সিনেমায় দেখা যায়নি শাকিব-হৃদয় জুটিকে। এর মাঝে পরিচালক হৃদয় চিত্রনায়ক সিয়াম আহমেদকে নিয়ে নির্মাণ করেছেন ‘রাক্ষস’ এবং শাকিব খানও অভিনয় করেছেন ‘প্রিন্স’ ও ‘রকস্টার’ নামের দু’টি সিনেমায়। তবে আফসোসের বিষয় হলো- এর কোনো সিনেমাই বক্স অফিসে তেমন ব্যবসায় সফল হতে পারেনি। শাকিব ভক্তদের জন্য নতুন ও আনন্দের খবর হচ্ছে, আবারো এক হচ্ছেন ‘বরবাদ’-এর সেই সফল টিম। প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল অ্যানার্জির নতুন একটি বড় প্রজেক্টের সিনেমায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। বিষয়টি নিশ্চিত করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান। মূলত ‘বরবাদ’ মুক্তির পর থেকেই দর্শকদের বড় একটি প্রত্যাশা ছিল পরিচালক মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় আবারো নতুন কোনো চমকপ্রদ গল্পে শাকিব খানকে দেখার। এ নিয়ে দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রাঙ্গনে নানা গুঞ্জন ও আলোচনা চলছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন সিনেমায় একসাথে কাজ করার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নির্মাতা ও নায়ক। যদিও নতুন এই সিনেমাটির নাম কিংবা মূল গল্প এখনই প্রকাশ করা হয়নি, তবে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, খুব শিগগিরই বড় আয়োজনে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির বিস্তারিত ঘোষণা দেয়া হবে।



