মালয়েশিয়া শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত ও সবার জন্য উন্মুক্তের দাবি জানিয়েছে বায়রা

Printed Edition
শ্রমবাজার উন্মুক্ত করার দাবিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সংবাদ সম্মেলন : নয়া দিগন্ত
শ্রমবাজার উন্মুক্ত করার দাবিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সংবাদ সম্মেলন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ার শ্রমবাজারকে মুষ্টিমেয় কিছু এজেন্সির হাতে জিম্মি না করে সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগ নিশ্চিতের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সাধারণ সদস্যরা। গতকাল এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি উত্থাপন ও বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অতীতে ২০১৬ সালে মাত্র ১০টি এবং ২০২২ সালে ১০১টি এজেন্সির সমন্বয়ে গঠিত ‘সিন্ডিকেট’ ব্যবস্থার কারণে মালয়েশিয়ার শ্রমবাজারে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। ফলে অভিবাসন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং বাংলাদেশ থেকে কর্মী পাঠানো বারবার বন্ধ হয়ে যায়। বর্তমানে আবারো মাত্র ২৫টি এজেন্সিকে নিয়ে একটি নতুন সিন্ডিকেট তৈরির পাঁয়তারা চলছে।

তারা অভিযোগ করেন, নতুন এই সিন্ডিকেটে অন্তর্ভুক্তির জন্য প্রতিটি এজেন্সি থেকে পাঁচ কোটি টাকা এবং কর্মী প্রতি প্রায় এক লাখ ৫২ হাজার টাকা অতিরিক্ত আদায়ের পরিকল্পনা করা হচ্ছে। এই বিপুল অঙ্কের অবৈধ লেনদেনের ফলে সাধারণ কর্মীদের ওপর ঋণের বোঝা বাড়বে এবং দেশের ভাবমর্যাদা ক্ষুণœ হবে।

সংবাদ সম্মেলনে তারা আরো বলেন, মালয়েশিয়া বাংলাদেশের জন্য একটি বড় শ্রমবাজার এবং রেমিট্যান্সের অন্যতম উৎস। ব্যক্তিস্বার্থ বা কোনো বিশেষ গোষ্ঠীর একচেটিয়া ব্যবসার কারণে এই বাজার যেন আবারো ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছি। সিন্ডিকেট ব্যবস্থার পুনরাবৃত্তি ঘটলে সাধারণ কর্মীরা চরম প্রতারণার শিকার হবেন এবং বৈদেশিক কর্মসংস্থান খাত বড় ধরনের হুমকির মুখে পড়বে।