চুয়াডাঙ্গায় বিদেশী পিস্তল উদ্ধার

Printed Edition

চুয়াডাঙ্গা প্রতিনিধি ও জীবননগর সংবাদদাতা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের একটি বাঁশ বাগান থেকে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

গতকাল গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ দিন সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন মাধবখালী বিওপির (নম্বর-৬৫০৭৪) হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল একজন অজ্ঞাত চোরাকারবারিকে ধাওয়া করলে সীমান্ত পিলার ৭০/৬-এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের জসিম উদ্দিনের বাঁশ বাগানের মধ্যে একটি প্লাস্টিকের নেটের বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যান তিনি। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে ওই বস্তা ভেতরে ২২ বোতল ইসকাফ সিরাপের সাথে পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় একটি ৭ দশমিক ৬৫ এমএম আমেরিকার তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন, গুলি ও ইসকাফ সিরাপ জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।