আলজাজিরা
সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের এক চাচাতো ভাই ওয়াসিম আল-আসাদকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। দেশটির প্রায় ১৪ বছরব্যাপী যুদ্ধের সময় সংঘটিত অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দামেস্কের চতুর্থ ফৌজদারি আদালত এই রায় দেন। আদালত ওয়াসিম আল-আসাদকে পূর্বপরিকল্পিত হত্যা, নির্যাতনসহ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত করেন। সিরিয়ার যুদ্ধ চলাকালে সংঘটিত অপরাধের অভিযোগে সাবেক আসাদ সরকারের ব্যক্তিদের বিরুদ্ধে দেয়া ধারাবাহিক রায়ের সর্বশেষটি হলো এই রায়। এর আগে গত সপ্তাহে একই দামেস্ক আদালত বাশার আল-আসাদ, তার ভাই মাহের আল-আসাদ এবং চাচাতো ভাই আতেফ নাজিবকে হত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে মৃত্যুদণ্ড দেন।
বাশার আল-আসাদ ও তার স্বজনদের বিরুদ্ধে দেয়া এই রায়ই অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের আমলে দ্বিতীয় এমন রায়। চলতি বছর থেকেই সাবেক সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করেছে দেশটির নতুন কর্তৃপক্ষ। আদালতে বক্তব্য দেয়া বিচারক আল-আরিয়ান বলেন, সাক্ষীদের জবানবন্দিতে সাবেক সিরীয় প্রেসিডেন্টের অপরাধগুলোর সাথে তার সম্পৃক্ততা স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি ছিলেন এসব অপরাধের ক্ষেত্রে ‘সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী’ এবং অপরাধ সংঘটনে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করেছিলেন।



