এমপি হিসেবে নুসরাতের গেজেট প্রকাশ না করতে ইসিতে মনিরার আবেদন

Printed Edition

বিশেষ সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করার জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জানিয়েছেন দলটির মনোনীত প্রার্থী মনিরা শারমিন। গতকাল তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষ না হওয়া পর্যন্ত এই আসনের গেজেট প্রকাশ না করার জন্য রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন জমা দেন।

মনিরা আবেদনে উল্লেখ করেন এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিলেও গত ২০ এপ্রিল তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়। ওই আদেশের বিরুদ্ধে তিনি আপিল বিভাগেও আবেদন করেছিলেন। যা গত ২৮ এপ্রিল খারিজ হয়ে যায়। রিটে মনিরা শারমিনের দাবি করেন তার মনোনয়নপত্র বাতিল এবং আপিল আবেদন খারিজের সিদ্ধান্তগুলো ছিল বেআইনি। এই প্রেক্ষাপটে তিনি হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন (নং-৫৪৬১/২৬) দায়ের করেছেন। যার শুনানি আজ একটি ডিভিশন বেঞ্চে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চিঠিতে রিট পিটিশনের শুনানি সম্পন্ন না হওয়া পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির অন্য প্রার্থী নুসরাত তাবাসসুমের প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিতে এবং সংরক্ষিত আসনের গেজেট প্রকাশ স্থগিত রাখতে আবেদনে বিশেষভাবে জোর দেয়া হয়েছে। মনিরা শারমিন তার আবেদনে উল্লেখ করে জানান, যেহেতু দলটি প্রথমে তাকেই মনোনয়ন দিয়েছিল, তাই আদালতের আদেশ আসার আগে নির্বাচন কমিশনের তাড়াহুড়ো করা ঠিক হবে না। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগেই যদি গেজেট প্রকাশ করা হয়, তবে তিনি ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন। এই আইনি প্রক্রিয়ার সুরাহা না হওয়া পর্যন্ত গেজেট প্রকাশ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম স্থগিত রাখার জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি বিনীত আহ্বান জানান।