যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরাইলি হামলা, এক দিনে নিহত ৪১

Printed Edition

আলজাজিরা

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে নির্বিচার বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় দেশটিতে একদিনে নিহত হয়েছে ৪১ জন। শনিবার (২ মে) লেবাননের হাব্বুশ এলাকায় এই বিমান হামলা চালায় ইসরাইল। হামলার আগে হাব্বুশ এলাকার বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেয়ার নির্দেশ দেয় ইসরাইলি সামরিক বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই মাস ধরে চলা ইসরাইলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬৫৯ জনে। এ ছাড়া আহতের সংখ্যা আট হাজারের বেশি।

পাল্টা জবাবে লেবানন ভূখণ্ডে অবস্থানরত ইসরাইলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা জোরদার করেছে হিজবুল্লাহ। শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে ইসরাইলি বাহিনীর বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তারা। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, আত্মঘাতী ড্রোন ও কামান থেকে গোলাবর্ষণ করা হয়েছে। এদিকে, শান্তি আলোচনার জন্য দেয়া ১৪ দফা প্রস্তাবে লেবাননসহ সব রণাঙ্গনে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের দাবি করেছে ইরান।

বাসিন্দাদের ঘর ছাড়ার নির্দেশ ইসরাইলের

এদিকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) রোববার একটি জরুরি সতর্কতা জারি করেছে। দক্ষিণ লেবাননের ১১টি শহর ও গ্রামের বাসিন্দাদের নিজেদের বাড়িঘর ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। আইডিএফ সতর্ক করে বলেছে যে, হিজবুল্লাহ বাহিনী বা তাদের স্থাপনার কাছাকাছি থাকা যে কেউ ঝুঁকির মধ্যে পড়তে পারে। যে কারণে তাদেরকে বাড়িঘর ছাড়তে বলা হয়েছে। ইসরাইল দক্ষিণ লেবাননজুড়ে হামলা অব্যাহত রেখেছে। দখলদার বাহিনী বর্তমানে দেশটির দক্ষিণাঞ্চলের একটি ছোট ভূখণ্ড দখল করে রেখেছে এবং হিজবুল্লাহর অবকাঠামো হিসেবে ব্যবহৃত বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে। পাল্টা জবাব হিসেবে হিজবুল্লাহও উত্তর ইসরাইলে ড্রোন ও রকেট হামলা চালিয়ে ইসরাইলি বাহিনীকে লক্ষ্যবস্ত করছে।