কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার বাজেট ঘোষণা

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার পৃথক অনুষ্ঠানে নাগরিক সেবার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে এ বাজেট পেশ করেন সংশ্লিষ্ট পৌর প্রশাসকেরা। কিশোরগঞ্জে প্রায় ৭৫ কোটি টাকা এবং জীবননগরে প্রায় ৫০ কোটি টাকার উন্নয়নমুখী ও উদ্বৃত্ত বাজেট পেশ করে নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান , ২০২৬-২৭ অর্থবছরের জন্য কিশোরগঞ্জ পৌরসভার ৭৪ কোটি ৯৪ লাখ ৩৩ হাজার ৭৮৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভা মিলনায়তনে বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ৩৫ কোটি দুই লাখ, পানি সরবরাহ খাতে পাঁচ কোটি ছয় লাখ, উন্নয়ন খাতে সাত কোটি ১২ লাখ, প্রকল্প খাতে ২৫ কোটি ২৭ লাখ এবং মূলধন খাতে দুই কোটি ৪৪ লাখ টাকা ধরা হয়েছে। বিপরীতে মোট ব্যয় শেষে এক কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৭২৪ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

পৌর প্রশাসক জানান, বাজেটে নাগরিক সেবা, বৃক্ষরোপণ, ডেঙ্গু প্রতিরোধ, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, কাউন্সিলর ও জেলা কৃষি অধিদফতরের উপপরিচালক ড. সাদিকুর রহমানসহ বিভিন্ন দফতরের প্রকৌশলী, কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রায় ৫০ কোটি টাকার প্রস্তাবিত বার্ষিক বাজেট পেশ করা হয়েছে। বেলা ১২টায় পৌরসভার সভাকক্ষে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল। ঘোষিত বাজেটে রাজস্ব আয় তিন কোটি ৭২ লক্ষ ৮০ হাজার টাকা, প্রারম্ভিক জের চার লাখ ১৬ হাজার টাকা এবং উন্নয়ন প্রাপ্তি ৪৫ কোটি ২৩ লক্ষ ৩৩ হাজার টাকা ধরা হয়েছে। সর্বমোট ৪৯ কোটি ৩০ লক্ষ তিন হাজার তিন শত ৪২ টাকা আয়ের বিপরীতে সমপরিমাণ টাকা ব্যয় ধরা হয়েছে।

পৌর প্রশাসক আশরাফুল আলম রাসেল বলেন, এই বাজেট কেবল সংখ্যার হিসাব নয়, এটি পৌরসভার ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা। সুন্দর পৌরসভা গঠনে তিনি সবার সহযোগিতা কামনা করেন। পৌর হিসাবরক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় অধিবেশনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ফাহমিদা আক্তার রুনা, ভারপ্রাপ্ত সচিব আবুল কাশেমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।