নয়া দিগন্ত ডেস্ক
প্রযুক্তির চরম উৎকর্ষের যুগে এবার অভিনব এক ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ব। রাশিয়ার রাজধানী মস্কোর পুশকিন লাইব্রেরিতে প্রথমবারের মতো দুই হিউম্যানয়েড রোবট বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় আয়োজিত এই বিয়েতে ছিল শপথ গ্রহণ থেকে শুরু করে আংটির বদলে ব্রেসলেট বিনিময়ের মতো সব আনুষ্ঠানিকতা।
রোবট দু’টির নাম দেয়া হয়েছে রবার্ট এবং মাটিল্ডা। এর আগে সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে এদের প্রদর্শন করা হয়েছিল। রবার্টকে মূলত একজন অফিসকর্মী ও ব্লগারের আদলে তৈরি করা হয়েছে, আর মাটিল্ডার নকশা করা হয়েছে একজন ব্যালে নৃত্যশিল্পীর আদলে।
অনুষ্ঠানের আকর্ষণ বাড়িয়ে দিয়েছিল একটি রোবট কুকুর, যা বিয়ের ব্রেসলেটগুলো বহন করে নিয়ে আসে। এআই প্রযুক্তির সাহায্যে তৈরি সংলাপের মাধ্যমেই রোবট দু’টি একে-অপরের কাছে বিয়ের শপথ নেয় এবং সঞ্চালক তাদের আনুষ্ঠানিকভাবে রোবট দম্পতি হিসেবে ঘোষণা করেন।
মূলত এআই ও হিউম্যানয়েড রোবটের অগ্রগতির প্রতি মানুষের দৃষ্টি আকষর্ণের উদ্দেশ্যে এই আয়োজন করে রোবট নির্মাতা প্রতিষ্ঠান আইটি-ইম্পেরিয়াল। তাদের মতে, ‘ভবিষ্যতে রোবট কেবল কারখানার কাজে সীমাবদ্ধ থাকবে না, বরং দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে’- এই বার্তাটিই তারা সাধারণ মানুষের কাছে পেঁৗঁছে দিতে চেয়েছেন। ইন্টারনেট।



