এক মঞ্চে জেমস ও আজমত

Printed Edition
এক মঞ্চে জেমস ও আজমত
এক মঞ্চে জেমস ও আজমত

বিনোদন প্রতিবেদক

ঢাকায় প্রথমবারের মতো এক মঞ্চে গাইবেন জেমস ও পাকিস্তানের সুফি-রক ঘরানার সঙ্গীতশিল্পী আলী আজমত। দুজনকে নিয়ে ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্ট আয়োজন করছে অ্যাসেন কমিউনিকেশন।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, ১৪ নভেম্বর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই কনসার্ট হবে।

গত শনিবার এক ফেসবুক পোস্টে আলী আজমত লিখেছেন, ‘লেজেন্ডরা প্রস্তুত, আপনি প্রস্তুত তো? শুধু গান শুনো না, গানের শক্তিটা অনুভব করো।’ টিকিট বিক্রির প্ল্যাটফর্ম গেট সেট রক ডটকমে কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে।

অ্যাসেন কমিউনিকেশনের সিনিয়র স্ট্র্যাটেজিক প্ল্যানার মুকেশ গোয়ালা বলেন, ‘ভক্তদের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। টিকিট বিক্রিও প্রত্যাশার চেয়ে বেশি ইতিবাচক। আমরা বিশ্বাস করি, এ রাতটি ঢাকার সঙ্গীত ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হিসেবে স্থান পাবে।’ মুকেশ গোয়ালা জানান, দর্শকদের জন্য সর্বোচ্চ মানের নিরাপত্তা, সাউন্ড ও লাইটিং নিশ্চিত করা হবে, যাতে সবাই এক অনন্য অভিজ্ঞতা পান।