বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
উপদেষ্টা গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।
উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে। যাদেরকে বিশেষভাবে নিরাপত্তা দেয়া প্রয়োজন, সে বিষয়েও মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে। তিনি বলেন, বৈঠকে মূলত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। বডি ওর্ন ক্যামেরা ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ধারণের বিষয়টিও গুরুত্ব সহকারে আলোকপাত করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় সীমান্ত দিয়ে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে বিজিবিকে নির্দেশ দেয়া হয়েছে। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন বিষয়ে উপদেষ্টা বলেন, এটি একটি বিশাল ভলিউমের প্রতিবেদন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে। তিনি বলেন, তদন্ত কমিটির সুপারিশগুলো পুরোপুরি বাস্তবায়ন করা হবে। ফোনে আড়িপাতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, যেসব সংস্থা অথরাইজড, তারা আড়ি পাতবে। যারা অথরাইজড না, তারা আড়ি পাতবে না।
বৈঠক জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ছাড়াও মাদকের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা, পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি, লুট হওয়া অস্ত্র উদ্ধার ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
গণ-অভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়েরকৃত মামলার মধ্যে ১০৬টির চার্জশিট দেয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৩১টি এবং অন্যান্য ধারার মামলা ৭৫টি। গতকাল মঙ্গলবার পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদরদফতর জানায়, চার্জশিট হওয়া ৩১টি হত্যা মামলা পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুর জেলা এবং পিবিআই, রাজশাহী মহানগর পুলিশ, চট্টগ্রাম মহানগর পুলিশ এবং ঢাকা মহানগর পুলিশের।
অন্যান্য ধারার ৭৫টি মামলা পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, বরগুনা জেলা এবং পিবিআই, সিআইডি, ঢাকা মহানগর পুলিশ, বরিশাল মহানগর পুলিশ, রাজশাহী মহানগর পুলিশ, চট্টগ্রাম মহানগর পুলিশ ও রংপুর মহানগর পুলিশের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দায়ের হওয়া মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলাগুলোর তদারকি করছেন। দায়ের হওয়া অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে। এ ছাড়া, ফৌজদারি কার্যবিধির ১৭৩-এ ধারায় বৈষম্যবিরোধী ৪৩৭টি মামলায় দুই হাজার ৮৩০ জনকে এ পর্যন্ত অব্যাহতি দেয়ার জন্য আদালতে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।



