ময়মনসিংহে শিশু হত্যায় ৯ দিনেই চার্জশিট দাখিল

তিন জেলায় ৩ খুন

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ময়মনসিংহের ধোবাউড়ায় পাঁচ বছরের এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় মাত্র ৯ দিনেই আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এ ছাড়া গাজীপুর, যশোর, নেত্রকোনা ও নরসিংদীতে উদ্ধার হয়েছে পাঁচজনের লাশ এবং গাইবান্ধা ও নাটোরে শিশু নির্যাতনের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। জেলা ও মহানগর প্রতিনিধিদের পাঠানো বিবরণীতে বিস্তারিত-

ধোবাউড়ায় শিশু হত্যা

ময়মনসিংহ অফিস জানিয়েছে, ধোবাউড়ায় পাঁচ বছরের এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় চার আসামির বিরুদ্ধে মাত্র ৯ দিনের মাথায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট জমা দেয়া হয়। অভিযুক্তরা হলো- মারুফ মিয়া (১৯), আরিফ মিয়া (১৯), রাকিব মিয়া (২১) ও মো: সাঈম মিয়া (১৯)।

পুলিশ জানায়, গত ১৪ জুন নিখোঁজের পর রাতে কংস নদ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। ১৫ জুন মামলা দায়েরের পর গ্রেফতার চার আসামিই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। ময়মনসিংহের জেলা পুলিশ সফলভাবে দ্রুততম সময়ে ময়নাতদন্ত ও ডিএনএ রিপোর্ট সংগ্রহ করে চার্জশিট দাখিল করেছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান।

মাদক বিরোধে যুবককে হত্যা

গাজীপুর মহানগর প্রতিনিধি জানিয়েছেন, জেলার কালীগঞ্জে মাদক কারবারিদের অভ্যন্তরীণ বিরোধের জেরে সাইফুল ইসলাম (৪৮) নামে এক দরিদ্র যুবককে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় তিন মাদক কারবারি রেজাউল করিম (৫০), নাঈম মিয়া (২৫) ও আবু তাহেরকে (৩২) গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২ জুন তুমুলিয়া এলাকার বেড়িবাঁধ থেকে সাইফুলের লাশ উদ্ধার করা হয়। গাজীপুরের পুলিশ সুপার মো: শরিফ উদ্দীন জানান, এটি একটি ক্লুলেস ঘটনা ছিল, যা তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত উদঘাটন করা হয়েছে। আসামিদের মধ্যে আবু তাহের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

গাইবান্ধায় শিশু নির্যাতন

গাইবান্ধা প্রতিনিধির পাঠানো তথ্য অনুসারে, গাইবান্ধা সদর উপজেলায় ছয় বছরের এক শিশুকে নির্যাতনের চেষ্টার অভিযোগে একটি চায়না রেস্টুরেন্টের ম্যানেজার আমির হোসেনকে (৫০) আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার খোলাহাটী ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে আমির হোসেন ওই শিশুকে ডেকে নিয়ে নির্যাতনের চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা রেস্টুরেন্টটি ঘেরাও করে অভিযুক্তকে অবরুদ্ধ করে এবং একপর্যায়ে সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যক্তি থানা হেফাজতে রয়েছে, ভুক্তভোগী শিশুর আলামত সংগ্রহসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

টঙ্গীতে গণপিটুনিতে যুবকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি জানিয়েছেন, মহানগরীর টঙ্গী স্টেশন রোড এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির শিকার হয়ে আনুমানিক ২২ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৭টার দিকে স্টেশন রোড-সংলগ্ন ফ্লাইওভারের সিঁড়ির কাছে এই ঘটনা ঘটে।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এই ঘটনায় মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যশোর ‘চশমা সাইদ’ খুন

যশোর অফিস জানিয়েছে, সদর উপজেলার রঘুরামপুর গ্রামে সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’ (৩৫) নামে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক জানান, মাদক কারবার বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বড়াইগ্রামে শিশু ধর্ষণের অভিযোগ

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানিয়েছেন, জেলার বড়াইগ্রামে ৯ বছর বয়সী এক পিতৃহীন শিশুকে ধর্ষণের অভিযোগে আহাদ আলী (৬৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে গতকাল বুধবার থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি গত ২৩ এপ্রিল ঘটলেও আসামির হুমকি ও চাপের কারণে তা চেপে রাখা হয়েছিল। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম জানান, মামলা রুজু হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নরসিংদীতে লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধির পাঠানো তথ্য অনুসারে, ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের নরসিংদীর তরোয়া মাজার এলাকার রেললাইনের পাশ থেকে গতকাল বুধবার সকালে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ভোরে কোনো ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেয়া হয়েছে।

নেত্রকোনায় কিশোরের লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি জানিয়েছেন, জেলার মগড়া নদী থেকে মোহন (১৬) নামে এক কিশোরের রাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে সদর উপজেলার নূরুলিয়া গ্রামের পাশে মগড়া নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়ার পর লাশ উদ্ধার করে নিয়ে যায়। মোহন সদর উপজেলা চল্লিশা ইউনিয়নের নূরুলিয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। গত সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়ে গিয়েছিল।

সূত্র জানায়, মোহন মৃগী রোগে আক্রান্ত ছিল। ধারণা করা হচ্ছে, বাড়ি থেকে বের হয়ে খিঁচুনিতে আক্রান্ত হয়ে নদীতে পড়ে পানিতে ডুবে মারা গেছে। নেত্রকোনা মডেল থানার এসআই মিহির রঞ্জন দেব জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

সিলেটে ঝরল আরেক শিশুর প্রাণ

সিলেট ব্যুরো : সিলেটে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণকারী ৪ মাস ১১ দিন বয়সী মো: ইমতিয়াজ আলী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে হামে ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ জনে। এ দিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় ২৫ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৮০ জন।

মঙ্গলবার এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।