ক্রীড়া ডেস্ক
২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল আয়োজনের ভেনু নিয়ে মরক্কোর দাবি নাকচ করল ফিফা। মরক্কোর শহর বেনস্লিমানে অনুষ্ঠিত হবে ফাইনাল- দেশটির ফুটবল ফেডারেশন সভাপতির এমন একটি দাবিকে নাকচ করে দিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, বিশ্বকাপের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, স্পেন ও পর্তুগাল। ফলে দ্বিতীয়বারের মতো আফ্রিকার কোনো দেশে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ আয়োজন করেছিল।
বৃহস্পতিবার এক রাজনৈতিক সমাবেশে মরক্কোর রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা দাবি করেন, বিশ্বকাপের ফাইনাল আয়োজনের অধিকার ইতোমধ্যে মরক্কো পেয়ে গেছে। তার দাবি অনুযায়ী, বেনস্লিমানেই হবে বিশ্বকাপের ফাইনালের ভেনু এবং সেখানে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
লেকজা বলেন, ‘বেনস্লিমান শহরেই বিশ্বকাপের ফাইনাল হবে। কেউ এটা পছন্দ করুক বা না করুক, এ নিয়ে আর কথা বলার কিছু নেই।’ একই সাথে তিনি আশা প্রকাশ করেন, ফাইনালে মরক্কোও খেলবে।
কাসাব্লাঙ্কার কাছেই নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা প্রায় এক লাখ ১৫ হাজার। এটি বিশ্বের অন্যতম বড় ফুটবল স্টেডিয়াম হিসেবে নির্মিত হচ্ছে। তবে ফিফা স্পষ্ট জানিয়েছে, ফাইনালের ভেনু এখনো নির্ধারণ করা হয়নি। সংস্থাটি সংবাদমাধ্যমকে বলেছে, ‘যথাসময়ে’ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এর আগেও মরক্কোকে ঘিরে বিশ্বকাপের ফাইনাল আয়োজন নিয়ে গুঞ্জন উঠেছিল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামী বছর পুনঃনির্বাচনের আগে রাজনৈতিক সমর্থনের বিনিময়ে মরক্কোকে ফাইনাল আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তবে ফিফা তখনো সেই দাবি প্রত্যাখ্যান করেছিল।



