ক্রীড়া ডেস্ক
ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের হতাশা কাটিয়ে আবারো মাঠে ফিরেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপ শেষে ১০ দিনের বিরতি কাটিয়ে বৃহস্পতিবার মেজর লিগ সকারের (এমএলএস) কাব ইন্টার মায়ামির অনুশীলনে যোগ দেন তিনি।
চলতি মাসের শুরুতে বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। সেই পরাজয়ের পর মেসির আন্তর্জাতিক ও কাব ফুটবল থেকে অবসরের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে অনুশীলনে ফেরার মাধ্যমে আপাতত সেই জল্পনায় ইতি টানলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
বিশ্বকাপ-পরবর্তী বিরতিতে ইন্টার মায়ামির হয়ে শিকাগো ও মন্ট্রিয়লের বিপে দু’টি ম্যাচে খেলেননি ৩৯ বছর বয়সী মেসি। তবে তাকে ছাড়াই দু’টি ম্যাচে জয় তুলে নিয়ে টানা ছয় ম্যাচের জয়ের ধারাবাহিকতা ধরে রাখে দলটি। এ ছাড়া গত পরশু শার্লটে অনুষ্ঠিত এমএলএস বনাম লিগা এমএক্স অল-স্টার ম্যাচেও অংশ নেননি মেসি। ছুটি নিয়ে অসুস্থ বাবা হোর্হে মেসির সাথে সময় কাটিয়েছেন। বিশ্বকাপ চলাকালে মেসির পরিবার জানায়, তার বাবা একটি অজ্ঞাত অসুস্থতায় ভুগছেন।
এবারের বিশ্বকাপে নিজের রেকর্ড ষষ্ঠ আসরে অংশ নিয়ে আটটি গোল ও চারটি অ্যাসিস্ট করেন মেসি। টুর্নামেন্টে নিজের ১৭তম বিশ্বকাপ গোল করে তিনি জার্মান কিংবদন্তি মিরোসøাভ কোসের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙেছিলেন।



