বোরকা নিয়ে মন্তব্যে বিতর্কে লন্ডনের মেয়রপ্রার্থী

দ্য গার্ডিয়ান
Printed Edition
লায়লা কানিংহ্যাম
লায়লা কানিংহ্যাম

দ্য গার্ডিয়ান

লন্ডনের মেয়র নির্বাচনে রিফর্ম ইউকে পার্টির প্রার্থী লায়লা কানিংহ্যাম মুসলিম নারীদের বোরকা পরা নিয়ে নেতিবাচক মন্তব্য করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তার বক্তব্যকে অনেকেই মুসলিম নারীদের নিরাপত্তার জন্য হুমকি এবং ইসলামবিদ্বেষ উসকে দেয়ার প্রচেষ্টা হিসেবে দেখছেন।

কানিংহ্যামের এই মন্তব্যকে কেন্দ্র করে লন্ডনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কানিংহ্যাম একজন সাবেক ক্রাউন প্রসিকিউশন সার্ভিস কৌঁসুলি। তিনি যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী মিসরীয় বংশোদ্ভূত মুসলিম। প্রতিবেদনে বলা হয়, ২০২৮ সালের লন্ডন মেয়র নির্বাচনের জন্য সম্প্রতি রিফর্ম ইউকের প্রার্থী হিসেবে ঘোষিত কানিংহ্যাম বলেন, একটি ওপেন সমাজে কারো মুখ ঢাকা থাকা উচিত নয়। ধরে নিতে হবে, কেউ যদি মুখ ঢাকে, তবে তা অপরাধমূলক উদ্দেশ্যেই। স্ট্যান্ডার্ড পডকাস্টে দেয়া এক সাক্ষাৎকারে কানিংহ্যাম বলেন, লন্ডনের কিছু এলাকায় গেলে মনে হয় এটি যেন একটি মুসলিম শহর। সাইনবোর্ড অন্য ভাষায় লেখা, বাজারে বোরকা বিক্রি হচ্ছে। দেশে একটি অভিন্ন নাগরিক সংস্কৃতি থাকা উচিত এবং তা ব্রিটিশ হওয়া দরকার বলে উল্লেখ করেন তিনি।

মুসলিম উইমেনস নেটওয়ার্ক ইউকের প্রধান নির্বাহী এবং ক্রসবেঞ্চ পিয়ার ব্যারোনেস শাইস্তা গোহির কানিংহ্যামের মন্তব্যকে বিপজ্জনক ও বর্ণবাদীদের জন্য ডগ হুইসল বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এসব বক্তব্য বোরকা পরা অল্পসংখ্যক মুসলিম নারীকে আরো বিচ্ছিন্ন করে দেবে। ইসলামবিদ্বেষী হুমকি ও গালিগালাজমূলক চিঠি-ই-মেইলের সংখ্যা বেড়ে যাওয়ায় তার সংস্থাকে অফিসের বাইরের সাইনবোর্ড ও কর্মীদের ছবি সরিয়ে ফেলতে হয়েছে গোহির জানান। তিনি বলেন, নিজের মুসলিম পরিচয় থাকা সত্ত্বেও কানিংহ্যাম এমন বার্তা দিচ্ছেন যেন মুসলিমরা এই সমাজের অংশ নন। এতে মুসলিমদের ওপর আগে থেকেই যারা নিপীড়ন চালায়, তারা আরো উৎসাহিত হবে।