শুল্ক না বাড়ানোর দাবিতে শ্রমিক সমাবেশ

Printed Edition

মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। এসময় আসন্ন বাজেটে বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করা, বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সিগারেট ও বিড়ির অগ্রিম আয়করের বৈষম্য দূর করা, বিড়ি শ্রমিকদের রেশন সুবিধা চালু এবং নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করার দাবি জানান শ্রমিকরা।

সমাবেশে বক্তারা বলেন, বিড়ি একটি দেশীয় শ্রমঘন শিল্প। অথচ বিদেশী সিগারেট কোম্পানিগুলোর ষড়যন্ত্রে বিড়ি শিল্পে একের পর এক শুল্ক আরোপ করা হচ্ছে। এতে বিড়ি মালিকরা কারখানা বন্ধ করে দেয়ায় বেকার হচ্ছেন শ্রমিকরা। এছাড়া একই গোত্রভূক্ত হওয়া সত্ত্বেও বিড়ির অগ্রিম আয়কর ১০ শতাংশ আর সিগারেটের ৫ শতাংশ। অবিলম্বে আয়করের এই বৈষম্য দূর করার পাশাপাশি আসন্ন বাজেটে বিড়িতে শুল্ক বৃদ্ধি না করার আহ্বান জানান শ্রমিকরা।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সহ-সভাপতি নাজিম উদ্দিন। বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সভাপতি আনোয়ার হোসেন, লুতফর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর প্রমুখ। বিজ্ঞপ্তি