রয়টার্স
জাপানের ওকিনাওয়া দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটি স্থানান্তরের বিতর্কিত প্রকল্পের অংশ হিসেবে ওউরা উপসাগরে মাটি ভরাটের কাজ শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। মূলত জনবহুল গিনোওয়ান শহর থেকে মার্কিন মেরিন কর্পস এয়ার স্টেশন ফুতেনমা সরিয়ে নেয়ার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে। বুধবার নাগোর হেনোকো এলাকায় এই কার্যক্রম শুরু হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তির আওতায় জাপানে বর্তমানে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যার বেশির ভাগই ওকিনাওয়া দ্বীপে অবস্থিত। এই স্থানান্তর প্রকল্পটি ২০৩৩ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যদিও সামরিক সরঞ্জাম পুরোপুরি সরিয়ে নিতে আরো কয়েক বছর সময় লাগতে পারে। উল্লেখ্য, জনবহুল এলাকায় মার্কিন ঘাঁটির অবস্থানজনিত ঝুঁকি কমানোর লক্ষ্যে ১৯৯৬ সালে ওয়াশিংটন ও টোকিওর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
দীর্ঘ দিন ধরে ওকিনাওয়ার বাসিন্দারা মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের কারণে সৃষ্ট শব্দদূষণ, পরিবেশ বিপর্যয় এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে অভিযোগ করে আসছেন।



