সাংবাদিকদের কল্যাণে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার : তথ্যমন্ত্রী

Printed Edition

বরিশাল ব্যুরো

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা পেশা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি। তথ্যের অবাধ প্রবাহের এই সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ খুঁজে বের করে জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের জন্য বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, রাষ্ট্র ও সমাজকে প্রতিনিয়ত আয়নার সামনে দাঁড় করায় গণমাধ্যম। তাই দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব।

গতকাল সোমবার বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত বরিশাল বিভাগের সাংবাদিকদের পেশাগত কল্যাণ, নিরাপত্তা এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরো বেগবান করার লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের পৃষ্ঠপোষকতার জন্য এখনো শক্তিশালী কোনো কাঠামো গড়ে ওঠেনি। অথচ এই পেশার অস্তিত্ব ছাড়া একটি সভ্য সমাজ কল্পনা করা যায় না। বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা অনেক বেশি চাপমুক্ত পরিবেশে কাজ করতে পারছেন। এ জন্য সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। গণমাধ্যমের কল্যাণ মানেই দেশের কল্যাণ। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বোর্ডের সদস্য খন্দকার কাওছার হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন।

সভায় সভাপতিত্ব করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির।

এ ছাড়া বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি নাছিম উল আলম, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ এবং ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি আক্কাস শিকদার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা।

মতবিনিময় সভায় বরিশাল বিভাগের সাংবাদিক নেতারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা সম্প্রসারণ, চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান, দক্ষতা উন্নয়নসহ সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন।

এসব পরামর্শ বাস্তবায়নযোগ্য উল্লেখ করে পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এরপর বরিশাল, ঝালকাঠী ও পটুয়াখালী জেলার ৩৯ জন সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, পৃথিবী আজ মারাত্মক জলবায়ু সঙ্কটের সম্মুখীন। বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উপকূলবর্তী নিম্নাঞ্চলগুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে। বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশও এই ঝুঁঁকিতে রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় এ বিপর্যয় মোকাবেলা করতে বৃক্ষরোপণ ও সবুজায়নের বিকল্প নেই। মন্ত্রী সোমবার বরিশাল সদরের চরকাউয়া ইউনিয়নে পুনঃখননকৃত স্বনির্ভর খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এ অংশ নিয়ে গাছের চারা রোপণ শেষে এ কথা বলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মো: মামুন খন্দকার, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. মো: সাইফুল্লাহ বিন আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মো: আলাউল হাসান, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতারাসহ স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।