ক্রীড়া প্রতিবেদক
ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং বিভাগে নতুন করে ভালো করার আভাস দেখছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। সবশেষ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। বর্তমানে খেলা না থাকায় ছুটিতে রয়েছেন ক্রিকেটাররা। তবে মাথায় থাকছে আগামী বছরের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের ভাবনা। আশরাফুলের মতে, ধারাবাহিক উন্নতি, দায়িত্বশীলতা ও কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার ক্ষমতাই দলকে এগিয়ে নিচ্ছে। গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত প্রীতিম্যাচ শেষে কথা বলেন আশরাফুল।
ক্রিকেটে দলের উন্নতির ধারা নিয়ে আশরাফুল বলেন, ‘ওয়ানডে সব সময়ই আমাদের প্রিয় ফরম্যাট ছিল। মাঝখানে হয়তো আমরা খুব ভালো খেলতে পারিনি; কিন্তু এখন আমরা টানা দু’টি সিরিজ জিতেছি। ব্যাটাররাও ভালো করছে। সাম্প্রতিক সাফল্যের পেছনে কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার বিষয়টি প্রভাব রেখেছে। ওই সিরিজে আমরা ভিন্ন ধরনের উইকেটে খেলেছি। শেষ ম্যাচে সাইফ ও সৌম্য সরকারের ব্যাটিং ছিল অসাধারণ।’
তিনি যোগ করেন, ‘সবশেষ পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও ওপেনারদের পারফরম্যান্স সন্তোষজনক ছিল। নকআউট ম্যাচে তানজিদ তামিম ও সাইফের ১০০ রানের জুটি দলকে ভালো জায়গায় নিয়ে গেছে। ব্যাটাররা দায়িত্ব নিচ্ছে, বড় রান করার চেষ্টা করছে। সবাই নিজের শক্তি ও দুর্বলতা নিয়ে কাজ করছে- এটা অবশ্যই ইতিবাচক।’



