নিজস্ব প্রতিবেদক
স্বল্প সময়ে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে একটি ভুয়া কোম্পানির নামে অভিনব কৌশলে প্রায় ৮৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট। গ্রেফতারকৃতরা হলেন- মো: মাসুম রানা (৩৮) ও মো: শামীম আক্তার (৩৬)। গতকাল বৃহস্পতিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে এসব তথ্য জানানো হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ-তে কর্মরত সালেহ আহাম্মদ খান হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রতারক চক্রের সাথে পরিচিত হন। প্রতারকরা ‘ড্রিমপায়ারিং এমসিএস লি.’ নামীয় একটি ভুয়া কোম্পানির পরিচয়ে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে তাকে বিনিয়োগে উদ্বুদ্ধ করে এবং হোয়াটসঅ্যাপে একটি ভুয়া চুক্তিপত্র পাঠায়। পরবর্তীতে বাদি সরল বিশ্বাসে নিজের সঞ্চয়, অফিসের অর্থ এবং স্ত্রীর স্বর্ণ বন্ধক রেখে নগদ, বিকাশ ও ব্যাংক হিসাবের মাধ্যমে পর্যায়ক্রমে মোট ৮৫ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা আসামিদের কাছে দেন। প্রতারকরা মাসিক উচ্চ লভ্যাংশ প্রদানের আশ্বাস দিয়ে ওই অর্থ আত্মসাৎ করে। অর্থ আত্মসাতের পর সালেহ আহমেদ আসামিদের সাথে যোগাযোগ করলে তারা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ঠিকানায় যেতে বলে বিভ্রান্ত করে। একপর্যায়ে ঢাকার সেগুনবাগিচায় তাদের দেয়া ঠিকানায় গিয়ে তিনি নিশ্চিত হন যে, ওই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব নেই এবং কোম্পানিটি সম্পূর্ণ ভুয়া। পরে নারায়ণগঞ্জ সদর থানায় মামলা একটি করেন।
মামলার পর সিআইডি, সিপিসির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস ইউনিট তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি মাধ্যমে দিনাজপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বুধবার মো: মাসুম রানাকে এবং গতকাল মো: শামীম আক্তারকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়।



