দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বরে কৃষকদের জন্য বরাদ্দকৃত প্রণোদনার সার থেকে ৫৪ বস্তা সার গায়েবের ঘটনায় জেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। উপজেলা চত্বরে অরক্ষিত অবস্থায় রাখা এসব সার থেকে বিপুল পরিমাণ বস্তা উধাও হওয়ার ঘটনায় কৃষকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। গত রোববার সকালে প্রণোদনার সার নিতে সদর উপজেলা চত্বরে এসে বিপাকে পড়েন কৃষকরা। অভিযোগ উঠেছে, সার নিতে আসা কৃষকদের কাছ থেকে স্বাক্ষর নেয়ার পর জানানো হয়, সার চুরি হয়ে গেছে। ফলে গতকাল সোমবার এসে সার নেয়ার জন্য বলা হয়।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা বিএডিসি গোডাউন থেকে কৃষকদের প্রণোদনার জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ সার সদর উপজেলা চত্বরে এনে রাখা হয়েছিল। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ও সংরক্ষণের ব্যবস্থা না থাকায় সেখান থেকে ৫৪ বস্তা সার গায়েব হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সাথে উপজেলা চত্বরে থাকা অন্যান্য সারও বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
সার নিতে আসা কয়েকজন কৃষক জানান, রোববার সকাল থেকেই তারা প্রণোদনার সার সংগ্রহের জন্য উপজেলা চত্বরে আসেন। তাদের কাছ থেকে স্বাক্ষর নেয়ার পর হঠাৎ জানানো হয়, সার চুরি হয়ে গেছে। তাই সেদিন সার দেয়া সম্ভব নয়, পরদিন এসে সার নিতে হবে।
এক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাক্ষর নেয়ার পর একজন কর্মকর্তা আমাদের জানান, সার চুরি হয়ে গেছে। এ ঘটনায় কৃষকদের মধ্যে প্রশ্ন উঠেছে, সরকারের প্রণোদনার সার উপজেলা চত্বরে অরক্ষিত অবস্থায় রাখা হলো কেন এবং সেখান থেকে বিপুল পরিমাণ সার কিভাবে গায়েব হলো?
চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার আনিছুর রহমান বলেন, কৃষকদের প্রণোদনার ৫৪ বস্তা সার চুরির ঘটনা ঘটেছে। তিনি জানান, ব্যক্তিগতভাবে সার কিনে কৃষকদের দেয়ার ব্যবস্থা করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর ইউএনও তিথি মিত্র বলেন, কৃষি অফিসার আমাকে ফোনে সার চুরির বিষয়টি জানিয়েছেন। থানায় জিডি করার পরামর্শ দিয়েছি।



