সাইবার সুরক্ষায় দু’টি ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ) কর্তৃক উদ্ভাবিত দু’টি অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম (সিআইআরএস) এবং ন্যাশনাল অ্যাক্ট ও সাইবার সিকিউরিটি রেটিং সিস্টেম (এনআরএস)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে জাতীয় সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি ২০২৬-২০৩০-এর প্রাথমিক খসড়া উপস্থাপন এবং অংশীজনদের মতামত গ্রহণ করা হয়। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই প্ল্যাটফর্ম উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আজ সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম (সিআইআরএস) এবং ন্যাশনাল অ্যাক্ট ও সাইবার সিকিউরিটি রেটিং সিস্টেম (এনআরএস)-এর উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। একই সাথে জাতীয় সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি ২০২৬-২০৩০-এর প্রাথমিক খসড়া উপস্থাপন করা হয়েছে, যা আগামী দিনের সাইবার নিরাপত্তা কার্যক্রমের দিকনির্দেশনা দেবে। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সাথে সাথে সাইবার হামলা, তথ্য চুরি, অনলাইন প্রতারণা ও বিভ্রান্তিকর তথ্যের ঝুঁঁকিও বাড়ছে। সিআইআরএস-এর মাধ্যমে নাগরিক ও প্রতিষ্ঠান সহজে সাইবার ঘটনার রিপোর্ট করতে পারবে এবং দ্রুত প্রতিকার পাবে। অন্য দিকে এনসিআরএস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা সক্ষমতা মূল্যায়ন ও উন্নয়নে সহায়তা করবে।

সাইবার নিরাপত্তা আইন পাসের পর বাংলাদেশ সাইবার নিরাপত্তা শক্তিশালী করার নতুন যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেন উপদেষ্টা প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো: মামুনুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমান, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো: এমদাদ উল বারী অব:, বিভিন্ন অংশীজন এবং আইসিটি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।