শিরোপার প্রত্যাশা জ্যোতিদের

Printed Edition
ফটোসেশনে এশিয়া কাপ ও এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দল : বিসিবি
ফটোসেশনে এশিয়া কাপ ও এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দল : বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপের পর এশিয়ান গেমসে অংশ নেবে নিগার সুলতানা জ্যোতির দল। দুটি টুর্নামেন্টেই সর্বোচ্চ সাফল্যের লক্ষ্যে আগামিকাল দেশ ছাড়বে তারা। দুবাইতে এশিয়া কাপ শুরু হবে আগামী ২৮ আগস্ট। ১৩ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। নিজেদের প্রথম ম্যাচে ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এরপর জাপানের আইচি ও নাগোয়া শহরে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর এশিয়ান গেমসের ম্যাচগুলো মাঠে গড়াবে। টুর্নামেন্ট দু’টি সামনে রেখে গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বাংলাদেশের নারী ক্রিকেটে এশিয়া কাপ জয়ের স্মৃতি বেশ পুরনো। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টে ইতিহাস গড়ে সালমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো মুকুট জিতেছিল তারা। সেই শিরোপা এবার পুনরুদ্ধার করতে চায় জ্যোতির দল। সাম্প্রতিক আসরগুলোতে অবশ্য সেমিফাইনালের বাধা পেরোতে পারেনি বাংলাদেশ। এবার সেই বাধা ভেঙে ফাইনালে ওঠাকেই প্রথম লক্ষ্য হিসেবে দেখছেন অধিনায়ক। এশিয়া কাপ প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা। কারণ আমরা সেমিফাইনাল খেলি, বাদ পড়ি, চলে আসি-বারবার এই জিনিসটাই হচ্ছে। এই বাধা এবার ভাঙতে চাই।’

এশিয়া কাপে বারবার সেমিফাইনালে আটকে যাচ্ছে বাংলাদেশ। এবার সেই বাধা পার হতে বদ্ধপরিকর জ্যোতি, ‘সেমিফাইনালটা আমরা পার করতে পারছি না যে কোনো জায়গায়। সেমিফাইনাল পার করে আমাদের ফাইনাল খেলার ইচ্ছা। ফাইনাল খেললে দেখা যাচ্ছে তখন শিরোপা জয়ের একটা বিষয় থাকবে। ধাপে ধাপে আমরা পরিকল্পনা করছি।’

এশিয়ান গেমস নিয়ে জ্যোতি বলেন, ‘এশিয়ান গেমস নিয়ে যদি কথা বলেন, পদকের জন্য যাওয়াই আমাদের প্রথম লক্ষ্য। কারণ গতবার আমরা ব্রোঞ্জ পেয়েছিলাম, সিলভার পেয়েছিলাম ২০১০ সালে, তারপরে এসএ গেমসে যেয়ে ব্রোঞ্জ পেয়েছি। আমাদের টিমের পক্ষ থেকে আমি বলব যে অনেক প্রত্যাশা আছে মানুষের। একটা পদক যেন আমরা নিয়ে আসতে পারি সেটা একটা বিষয় এবং সেটা যদি স্বর্ণ হয় তাহলে তো কথাই নেই।’