নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী তাকে গ্রেফতারের সময় পুলিশের কাজে বাধা দেয়া ও হামলার অভিযোগে করা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন।
গতকাল সকালে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন তিনি। হাজিরা শেষে বেরিয়ে আইভী বলেন, আমি প্রতিবাদ করেছি সবসময় হত্যার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। আজ আমিই কী অপরাধী? এটার বিচার আল্লাহ আছে, নারায়ণগঞ্জবাসী আছে। তারাই দেখবে।
এদিকে মামলার চার্জশিট না হওয়া পর্যন্ত এই মামলায় আইভীর পক্ষে আইনজীবীদের হাজিরা দেয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। আইভীর উপস্থিতিতে তার শারীরিক অবস্থা বিবেচনা করে আদালত এই আবেদন মঞ্জুর করেন।
পরে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, আজ (মঙ্গলবার) আইভীর হাজিরা ছিল। তিনি দীর্ঘদিন কারাবাসে ছিলেন। তার শারীরিক অবস্থা বিবেচনা করে তার পক্ষে আইনজীবী হাজিরা দিবে এই মর্মে আমরা আদালতের কাছে দরখাস্ত করেছিলাম। আদালত এই আবেদন মঞ্জুর করেছেন। তিনি আরো জানান, শুধু এই মামলাটিতেই আদালতে আইভীর পক্ষে আইনজীবী হাজিরা দেবেন বলে আদালত অনুমতি দিয়েছে। বাকি মামলাগুলোতে এখনো এমন কোন সিদ্ধান্ত হয়নি।



