কূটনৈতিক প্রতিবেদক
কাজের সুবিধার্থে এবং গতি আরো বাড়ানোর লক্ষ্যে সরকার একই মন্ত্রণালয়ে দু’জন প্রতিমন্ত্রী নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
গতকাল রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বাংলাদেশে নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক পাবলিক ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি ও ব্যস্ততা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেড়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী (ড. খলিলুর রহমান) জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী এক বছর তিনি অত্যন্ত ব্যস্ত সময় পার করবেন। তাই সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী টিমওয়ার্কের মাধ্যমে আমরা কাজ করব।
তিনি বলেন, গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিগত ১৭ বছরের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কাজ হয়েছে। আমরা তিনটা নতুন উইং চালু করেছি। অবৈধ অভিবাসন বন্ধে কাজ করছি। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ, শ্রম, বাণিজ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি গঠন করা হয়েছে, যেগুলো আগে ছিল না।
মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, যেকোনো বহুপক্ষীয় সংস্থায় যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ এবং জনগণের স্বার্থই প্রধান বিবেচ্য বিষয় হবে। কোনো বহুপক্ষীয় সংস্থা বা জোটে বাংলাদেশ যুক্ত হবে কি হবে না, তার সিদ্ধান্ত সরকার যথাসময়ে নেবে। আর এ ধরনের সিদ্ধান্ত হলে বাংলাদেশের গণমাধ্যমই তা আগে জানতে পারবে। বাইরের কোনো দেশের গণমাধ্যমে কী আসছে, তা দেখে আমাদের প্রভাবিত হওয়া উচিত হবে না।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনকারী হুমায়ুন কবির গত শুক্রবার প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। এখন হুমায়ুন কবিরসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন।



