নয়া দিগন্ত ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলকে ‘নিষিদ্ধ’ করার দাবি ওঠার পর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভিসি অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম এ কমিটির সভাপতি। তার সাথে তিনজন সদস্য এ কমিটিতে দায়িত্ব পালন করবেন।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বুধবার (২৯ জুলাই) সিন্ডিকেটের একাধিক সদস্যের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থ পরিপন্থী কাজে যুক্ত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সিন্ডিকেটের সদস্যরা।
গত ২৭ জুলাই বিকেলে ‘ফ্যাসিবাদবিরোধী শিক্ষকবৃন্দের’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক ভিসির কাছে একটি স্মারকলিপি দেন। এ সময় তারা জুলাই আন্দোলনের বিরুদ্ধে ও ফ্যাসিবাদের পক্ষে থাকা আওয়ামী ও বামপন্থী ২৩১ জন শিক্ষকের তালিকা হস্তান্তর করে তাদের শাস্তি ও নীল দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান।
এর পরিপ্রেক্ষিতে বিগত সরকারের সময়ে বিতর্কিত ও ছাত্রবিরোধী ভূমিকা পালনকারী শিক্ষকের বিষয়ে তদন্ত করতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



