মেঘনায় বিশাল জনসভা

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন : ড. মোশাররফ

Printed Edition

একটি উন্নত ও সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দেয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে- দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। আমরা গড়ে তুলব একটি উন্নত ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ। যেখানে মানুষ নি-িদ্র নিরাপদে, সুখ-স্বাচ্ছন্দ্যে বসবাস করবে।

ড. মোশাররফ রোববার নিজ আসন কুমিল্লা-১ এর মেঘনা উপজেলার মানিকারচর কলেজ মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জনসভা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠে স্থান সঙ্কুলান না হওয়ায় আশপাশের এলাকাও লোকে লোকারণ্য হয়ে তা বিশাল জনসমুদ্রে রূপ নেয়। উঁচু গাছ, টিনের চালা ও দালানের ছাদে উঠে অসংখ্য মানুষকে জনসভার বক্তব্য শুনতে দেখা গেছে।

বিএনপির বর্ষীয়ান নেতা বলেন, বিএনপি ভোট কারচুপি, কেন্দ্র দখল এবং দিনের ভোট রাতে ও একদলীয় নির্বাচনের রাজনীতিতে বিশ্বাস করে না। বহুদলীয় রাজনীতিতে বিশ্বাসী। এই জন্যই বিএনপি চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বিশ্বরাজনীতিতে এতবেশি গুরুত্বপূর্ণ ছিলেন। দেশ ও জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে তিনি কোনো স্বৈরশাসকের সাথে আপসরফা করেননি। রাজনীতিতে খালেদা জিয়ার ত্যাগ জাতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ রাখবে।

ড. মোশাররফ বলেন, জাতির প্রতিটি ক্রাইসিসে বিএনপি জনগণের পাশে ছিল, এখনও আছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার একটি সমৃদ্ধ দেশ গড়ার অনন্য দলিল। তিনি ইশতেহারে রাষ্ট্র ও মানুষের কল্যাণে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, কৃষি উৎপাদনে সহায়তায় কৃষক কার্ড, দুর্নীতিমুক্ত ও মানবিক চিকিৎসাব্যবস্থা, কর্মমুখী শিক্ষা এবং তরুণদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির কথা ইশতেহারে যুক্ত করায় সাধারণ মানুষ আশাবাদী হয়ে উঠেছেন। বিএনপি জনগণের কাছে দেয়া অঙ্গীকার কখনো ভঙ্গ করেনি। বিএনপি যে স্বপ্ন দেখায়, সেই স্বপ্ন পূরণ করে। এটি প্রমাণিত সত্য।

বিএনপি নেতা রমিজউদ্দিন লন্ডনীর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, একটি দল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং ভোটারদের প্রভাবিত করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। প্রিয় ভোটার মা-বোনদের প্রতি বিনীত আহবান, আপনারা বিপুল ভোটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে সব ষড়যন্ত্রের সমুচিত জবাব দিবেন। বিজ্ঞপ্তি।