দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের নকশা দিচ্ছে যুক্তরাজ্য

কিয়েভে জেলেনস্কি-বার্নহ্যাম বৈঠক

Printed Edition
কিয়েভের সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের বাইরে ইউক্রেনের ৩৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশাপাশি ভাষণ দিচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম	: ইন্টারনেট
কিয়েভের সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের বাইরে ইউক্রেনের ৩৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশাপাশি ভাষণ দিচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম : ইন্টারনেট

বিবিসি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর কিয়েভে নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে শীর্ষ বৈঠক করেছেন অ্যান্ডি বার্নহ্যাম। সঙ্ঘাতময় পরিস্থিতিতে ইউক্রেনের স্বাধীনতা দিবস উদযাপনের সময় আয়োজিত এই বৈঠকে তিনি কিয়েভের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত নকশা হস্তান্তরের ঘোষণা দেন। পরবর্তী কর্মসূচিতে প্রধানমন্ত্রী বার্নহ্যাম তার মেয়াদের প্রথম ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর বিশেষ নীতিনির্ধারণী বৈঠকে সভাপতিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন। ইউক্রেনের প্রতিরক্ষা খাতকে সহায়তার লক্ষ্যে তার পূর্বসূরি স্যার কিয়ার স্টারমারের মেয়াদের শুরুতেই যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ উদ্যোগে এই মিত্র জোটটি গঠিত হয়েছিল।

ইউক্রেনীয় সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জানান, প্রতিরক্ষা প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমবিডিএ-কে দূরপাল্লার ‘স্কাল্প’ ক্ষেপণাস্ত্রের যুক্তরাজ্যে তৈরি যন্ত্রাংশসংক্রান্ত তথ্যের গোপনীয়তা শিথিল করার অনুমতি দেয়া হয়েছে। মূলত এই স্কাল্প ক্ষেপণাস্ত্র হলো যুক্তরাজ্যের ব্যবহৃত ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্রের ফরাসি সংস্করণ। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কির পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বার্নহ্যাম বলেন, রাশিয়ার অন্যায্য ও ধারাবাহিক হুমকি সত্ত্বেও ইউক্রেনের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় ব্রিটিশ সরকারের সমর্থনে কোনো ব্যাঘাত ঘটবে না। ইউক্রেনীয় সামরিক ও সাধারণ জনগণের বীরত্বের ভূয়সী প্রশংসা করে তিনি জানান, রাশিয়ার সামরিক অভিযানের আর্থিক সক্ষমতা গুঁড়িয়ে দিতে এবং মস্কোর ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে এটিই উপযুক্ত সময়। তিনি মন্তব্য করেন, ইউক্রেন মূলত ইউরোপের সীমান্ত নিরাপত্তার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে; তারা কারো বোঝা নয়, বরং সমগ্র ইউরোপকে সুরক্ষিত রাখার অগ্রপথিক।

এ দিকে যুক্তরাজ্যের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি শেয়ার করার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ সংবাদ সম্মেলনে বলেন, ব্রিটেনের এমন পদক্ষেপ শান্তির সম্ভাবনাকে পুরোপুরি ভেস্তে দিচ্ছে। ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রের অবস্থান চিহ্নিত করে তা ধ্বংস করতে রুশ সামরিক বাহিনী ইতিমধ্যে তথ্য সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে উল্লেখ করে পেশকভ জানান, ব্রিটেন এই সঙ্ঘাতময় পরিস্থিতিতে কিয়েভ সরকারের পক্ষে সরাসরি জড়িয়ে পড়ে আগুনে জ্বালানি সরবরাহ করছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বিভিন্ন শহরে বেসামরিক লক্ষ্যবস্তুসহ শপিং সেন্টারে রাশিয়ার রক্তক্ষয়ী হামলায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়। এই পটভূমিতে কিয়েভে পৌঁছান ব্রিটিশ প্রধানমন্ত্রী। সফরের অংশ হিসেবে তিনি কিয়েভের জাতীয় সামরিক স্মৃতিসৌধ গোরস্থানে ইউক্রেনীয় শহীদ সেনাদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানান এবং সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের বাইরে আয়োজিত জাতীয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতায় ব্রিটিশ জনগণের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ করেন।

বার্নহ্যাম তার বক্তব্যে স্পষ্ট করেন, ইউক্রেনের ৩৫তম স্বাধীনতা দিবসে দেশটির জনগণের প্রতি ব্রিটেনের অঙ্গীকার অটুট রয়েছে। ন্যায্য ও স্থায়ী শান্তি না আসা পর্যন্ত যুক্তরাজ্য তার অবস্থান থেকে একচুলও পিছিয়ে আসবে না। উল্লেখ্য, রাশিয়ার ভেতরে জ্বালানি শোধনাগার ও সর্ববৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’-এর গুদামগুলোকে নিশানা করে ইউক্রেনীয় বাহিনীর দূরপাল্লার ড্রোন হামলা বৃদ্ধি পাওয়ায় রাশিয়া এরইমধ্যে যুক্তরাজ্যের সামরিক সহযোগিতার বিষয়ে পাল্টা মারাত্মক পরিণতির হুমকি দিয়েছিল। প্রযুক্তিগত বৈশিষ্ট্য অনুযায়ী, এক হাজার ৩০০ কেজি ওজনের এবং ১৬.৭ ফুট দৈর্ঘ্যরে স্কাল্প ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার অভ্যন্তরে প্রায় ১৫০ মাইল দূরের নির্দিষ্ট ও স্থায়ী লক্ষ্যবস্তুতে দিন-রাত যেকোনো প্রতিকূল আবহাওয়ায় নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। বর্তমানে প্রযুক্তিটি রয়্যাল এয়ার ফোর্স, ফ্রেঞ্চ এয়ার ফোর্স এবং ইতালি এয়ার ফোর্সে ব্যবহৃত হচ্ছে।

প্রতিপক্ষকে মোকাবেলায় ইউক্রেন যুক্তরাষ্ট্রের তৈরি ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্রের সরবরাহ বাড়াতে আবার তাগিদ জানিয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, তারা অন্তত ৩৬০টি প্যাট্রিওট ক্ষেপণাস্ত্র পাওয়ার তাগিদ দিয়েছেন। মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের প্যাট্রিওট মজুদ হ্রাস পাওয়ায় ইউক্রেন বর্তমানে আকাশপথের সুরক্ষায় মারাত্মক ঝুঁকিতে রয়েছে। যুক্তরাজ্যের জুনিয়র প্রতিরক্ষা মন্ত্রী লুক পোলার্ড জানান, এই নকশা হস্তান্তরের উদ্দেশ্য হলো সাধারণ ঘরবাড়ি ও অবকাঠামোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা। এর অংশ হিসেবে যুক্তরাজ্য আকাশ প্রতিরক্ষা ও ড্রোন-বিরোধী প্রযুক্তি সরবরাহ অব্যাহত রাখবে।

কূটনৈতিক উত্তেজনার আবহেই লন্ডনে থাকা রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন সাম্প্রতিক সময়ে তার দায়িত্ব ত্যাগ করেছেন, যদিও কূটনৈতিক সম্পর্ক অবমূল্যায়ন করা এর উদ্দেশ্য নয় বলে জানিয়েছে রুশ দূতাবাস। অন্য দিকে সীমান্তে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। রাশিয়ার সামারা ও ওরেনবার্গ অঞ্চলের পর টানা তিন রাত অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওজোন’-এর গুদামে ড্রোন হামলা চালানো হয়। এই ঘটনায় ধ্বংসাবশেষ পড়ে রাশিয়ার একটি শিশু চিকিৎসাকেন্দ্রে দুই শিশু নিহত ও সাতজন আহত হয়েছে। বিপরীতে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে রাশিয়ার তাণ্ডবে অন্তত তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন স্থানীয় গভর্নর ওলেহ সিনিহুভ।

নর্ড স্ট্রিম বিস্ফোরণে সম্পৃক্ততা অস্বীকার জেলেনস্কির

এদিকে রয়টার্স জানায়, রাশিয়া ও জার্মানির মধ্যবর্তী আলোচিত নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে সংঘটিত বিস্ফোরণের সঙ্গে ইউক্রেনের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সাথে এই ঘটনার চলমান তদন্ত প্রক্রিয়ায় ইউক্রেন সরকার পূর্ণাঙ্গ সহযোগিতা জোগাচ্ছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

ইউক্রেনের রাজধানী কিয়েভে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘নর্ড স্ট্রিম ২ পাইপলাইন ধ্বংসের কোনো সামরিক বা কূটনৈতিক অভিযানে ইউক্রেন কখনো আনুষ্ঠানিকভাবে যুক্ত ছিল না।’ উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে রাশিয়া থেকে জার্মানিতে জ্বালানি সরবরাহের প্রধানতম রুট নর্ড স্ট্রিম ১ ও ২ প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে পরপর কয়েকটি বিকট বিস্ফোরণ ঘটে, যার ফলে পাইপলাইন দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই নাশকতার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে বর্তমানে ইউক্রেনীয় দুই নাগরিক আটক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন।