মাদক মামলার হুমকি

সাভারে ডিবির কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

Printed Edition

সাভার (ঢাকা) সংবাদদাতা

সাভারের আশুলিয়ায় মাদক উদ্ধারের নামে এক নারীর বাসায় অভিযান চালিয়ে মাদক না পেয়ে ঘুষ দাবি এবং তল্লাশির সময় স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটের অভিযোগ উঠেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই কর্মকর্তাসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ঢাকা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ঢাকা জেলা ডিবির এসআই নাফিউল ইসলাম, এএসআই আব্দুস সালাম, কনস্টেবল আইয়ুব আলী এবং আমিনুল ও মাহাবুব নামের দুই ব্যক্তিসহ অজ্ঞাত কয়েকজনকে। অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই রাত প্রায় ১১টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল হাজী আলাউদ্দিন স্কুলসংলগ্ন এলাকায় রুমা আক্তার বন্যার বাসায় ‘ঢাকা মিন্টো রোড ডিবি পুলিশ’ পরিচয়ে তারা প্রবেশ করেন।

ভুক্তভোগীর অভিযোগ, বাসায় তল্লাশি চালিয়ে কোনো মাদকদ্রব্য না পেলেও তাকে মাদক মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে এসআই নাফিউল ইসলাম ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি ও গালিগালাজ করা হয়। পরে জামালপুরে থাকা পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা এনে দিলে তাকে ছেড়ে দেয়া হয়।

রুমা আক্তার বন্যার আরো অভিযোগ, অভিযুক্তরা চলে যাওয়ার পর ঘরে প্রবেশ করে তিনি দেখেন, ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা তিনটি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের চেইন (আনুমানিক মূল্য দুই লাখ ১০ হাজার টাকা) এবং একটি বাটন মোবাইল ফোন নেই। এ বিষয়ে ঢাকা জেলা ডিবির (উত্তর) ওসি সাইদুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী তার কাছে অভিযোগ করেছেন এবং বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে। অভিযোগটি পুলিশ সুপারের কাছেও জমা দেয়া হয়েছে। তিনি বলেন, অভিযানে আমিনুল নামে একজন সোর্স ছিল, যিনি ভুক্তভোগীর কাছ থেকে টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ওসি আরো জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।