ময়মনসিংহ অফিস ও নেত্রকোনা সংবাদদাতা
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের মাধ্যমে জনগণ দেশের মালিকানা ফিরে পেয়েছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, সারা বাংলাদেশের মানুষের বহু প্রতীক্ষিত রায় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল। ২০১১ সালে যখন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপ করা হয়েছিল। তখন সারা বাংলাদেশের ৯৫ ভাগ মানুষ চেয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন; কিন্তু ফ্যাসিস্ট সরকারের বতর্মান পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ করে। গতকাল শুক্রবার বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পোগলা ধীতপুত বনমালী মন্দিরে উঠান বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে, জীবন দিয়েছে শত সহস্র নেতাকর্মী। অনেকেই ক্রসফায়ার, গুম-খুনসহ জেল-জুলুমের শিকার হয়েছেন। সর্বশেষ গণ-অভ্যত্থানে দুই হাজার মানুষ জীবন দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার তথা ভোটাধিকার এবং গণতন্ত্রের জন্য। গতকাল ছিল বাংলাদেশের স্বাধীনতার পরে স্মরণীয় একটি দিন। মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন রিভিউ পিটিশনের মাধ্যমে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছেন। আমরা মনে করি দেশের মালিক জনগণ মালিকানা ফিরে পেয়েছে এ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের মাধ্যমে। এ সময় পলাতক শেখ হাসিনার রায় প্রসঙ্গে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আমরা মনে করি মানবতাবিরোধী আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। পথসভায় আরো উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, পোগলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুব জামিল রিপন, সাধারণ সম্পাদক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোকশেদ উদ্দিন খান প্রমুখ।



