বন্যায় প্রাণহানির জন্য অপরিকল্পিত উন্নয়ন দায়ী : রিজভী

Printed Edition
বন্যায় প্রাণহানির জন্য অপরিকল্পিত উন্নয়ন দায়ী : রিজভী
বন্যায় প্রাণহানির জন্য অপরিকল্পিত উন্নয়ন দায়ী : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অতীতের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণেই দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং প্রাণহানির ঘটনা বেড়েছে।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী অভিযোগ করেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে যাতায়াতের সুবিধার্থে হাওরের মধ্য দিয়ে সড়ক নির্মাণ করা হয়েছিল। এতে হাওরের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়েছে বলে তার দাবি। তিনি আরো অভিযোগ করেন, রাজনৈতিক বিবেচনায় দলীয় নেতাকর্মীদের ঠিকাদারি সুবিধা দিতে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল।

তিনি আরো বলেন, একটি বিশেষ দেশকে খুশি করার উদ্দেশ্যে শেখ হাসিনা সরকার রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছিল। এর ফলে সুন্দরবনসংলগ্ন পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, জলাভূমি ভরাট, অপরিকল্পিত সড়ক ও বাঁধ নির্মাণ এবং প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ সঙ্কুচিত হওয়ার কারণে সাম্প্রতিক বছরগুলোতে বন্যার ঝুঁকি ও ক্ষয়ক্ষতি বেড়েছে।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, সাবেক রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি সারা দেশে শোক কর্মসূচি পালন করছে। এ উপলক্ষে দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন এবং নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণের কর্মসূচি পালন করা হচ্ছে।

তিনি চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার, বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।