জাতীয় ফুটবল দলের নতুন জার্সি

Printed Edition
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি উন্মোচন করছেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক : বাফুফে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি উন্মোচন করছেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক : বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

‘আমরা যখন খেলতাম তখন জার্সি উন্মোচন বা ব্র্যান্ডিং নিয়ে কিছুই ভাবতাম না। কর্মকর্তারা স্থানীয়ভাবে একটা জার্সি বানিয়ে দিতেন। আমরা সেটা পরেই খেলতে নামতাম। আজ সেই বাংলাদেশের জার্সি সারা বিশে^ পরিচিত হচ্ছে। এটা আমাদের জন্য অনেক গর্বের ও অহঙ্কারের।’ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠানে এই কথা গুলো বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আর বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের মতে, জার্সিটা আমাদের জন্য একটা পতাকা। এই জার্সিটা আপনারা দেখেছেন জাতীয় স্টেডিয়ামে, সিঙ্গাপুর স্টেডিয়ামে, হংকং স্টেডিয়ামে এবং সান মেরিনোর স্টেডিয়ামে। যখন সবাই এই জার্সি পরে স্টেডিয়ামে যায় বাংলাদেশ একটি বড় দল হয়ে উঠে।’

দুই বছর পর বাংলাদেশ জাতীয় ফুটবল দল পেল নতুন জার্সি। বাফুফে সভাপতির মতে, ফ্যানরা যাতে একটি জার্সি পরার জন্য পর্যাপ্ত সময় পান এজন্য দুই বছর পর নতুন জার্সি উন্মোচন। আরো জানান, বাংলাদেশের দর্শকরা যখন দল বেঁধে মাঠে দেখতে যায় তখন ওই খেলার টিকিট বিক্রিও বাড়ে। এতে অনেক দেশই এখন বাংলাদেশের সাথে ম্যাচ খেলতে চায়।

নতুন এই জার্সি সারা দেশের ১৩৫টি ইনফিনিটি স্টোরে পাওয়া যাবে। বাফুফের কিট স্পন্সর দৌড় এর নিজস্ব দোকানের মাধ্যমেও এই জার্সি বিক্রি হবে। বাফুফে সভাপতি তথ্য দেন, বাংলাদেশের জার্সি ফিফা জাদুঘরে স্থান পেয়েছে। সিঙ্গাপুরের খুচরা বাজারে এটি বিক্রি হয়েছে। ইউরোপের বাজারেও এটি পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ দলের হোম অ্যান্ড অ্যাওয়ে দুই জার্সিই উন্মোচিত হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে। জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীদের হোম জার্সি সাদা গেঞ্জি ও লাল প্যান্ট। আর অ্যাওয়ে জার্সি সবুজ গেঞ্জি ও সবুজ প্যান্ট। এই জার্সি শুকাতে ৮ মিনিট সময় লাগবে বলে জানান দৌড় এর সিইও আবিদ আলম।

বাংলাদেশ দলের জার্সি এখন সবার গায়ে গায়ে। চুক্তি অনুযায়ী বছরে বাংলাদেশের ৬টি দলের জন্য (সিনিয়র-জুনিয়র, নারী-পুরুষ) ৪০০টি করে ২৪০০ জার্সি দেয়ার কথা থাকলেও গত বছর দৌড় ১৬৩৫০টি জার্সি ট্র্যাকস্যুট পোলো শার্ট প্রদান করেছে।