শহীদ জিয়া ও বেগম জিয়ার কবরে সাবেক অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা

Printed Edition
শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান :  নয়া দিগন্ত
শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

গতকাল দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের নিয়ে তিনি এ কর্মসূচি পালন করেন।

কবর জিয়ারত শেষে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে দীর্ঘদিন ধরে নানা রাজনৈতিক বিতর্ক ও মামলা-সাজার নাটক সাজানো হলেও সাধারণ মানুষের বিশ্বাসে কোনো চিড় ধরেনি। জনগণ কখনোই বিশ্বাস করেনি যে, তিনি এতিমের টাকা আত্মসাৎ করতে পারেন।

তিনি আরো বলেন, আল্লাহ যাকে সম্মান দেন, দুনিয়ার কোনো শক্তি তার সম্মান কেড়ে নিতে পারে না। ক্ষমতার জোরে নিঃশেষের চেষ্টা করা হলেও দেশবাসীর ভালোবাসা ছিল অটুট। তার বিরুদ্ধে দেয়া সাজা ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ক্ষমতা দীর্ঘায়িত করার একটি কৌশলমাত্র।

সাবেক এ অ্যাটর্নি জেনারেল দাবি করেন, শেষ পর্যন্ত আল্লাহর বিচারই কার্যকর হয়েছে। বেগম খালেদা জিয়া তার জীবদ্দশাতেই মানসিক প্রশান্তি নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।

দেশপ্রেম, গণতন্ত্র রক্ষা এবং অন্যায়ের সাথে আপস না করার যে দৃঢ়তা তিনি দেখিয়ে গেছেন, তা তাকে জনগণের হৃদয়ে চিরস্থায়ী আসন করে দিয়েছে।

বেগম জিয়ার জানাজা ও বিদায়ে মানুষের উপচে পড়া ভিড়ের কথা স্মরণ করে আসাদুজ্জামান বলেন, বিদায়ের সময় মানুষের যে ঢল ও আবেগ দেখা গেছে, তা প্রমাণ করে রাজনৈতিক বিরোধিতা থাকলেও মানুষের হৃদয়ে তার অবস্থান ছিল কতটা গভীর।

সার্বভৌমত্ব ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধাই তাকে অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।

এ সময় জাতীয় বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ড. মো: নাসির উদ্দিন, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: হুমায়ুন বাবর ফিরোজ, বিএনপির সাবেক সহধর্মবিষয়ক সম্পাদক এম এ মান্নান, দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সোহেল খান, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি এস এম আল মাহমুদ দীপু, যুগ্ম সাধারণ সম্পাদক এফপি বাবর, ঢাকা কলেজের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন ধ্রুব, ঢাবির জহুরুল হক হলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।