সমাজ পরিবর্তনে নারীদেরও এগিয়ে আসতে হবে : এমপি নুরুন্নিসা

Printed Edition
দিনাজপুরে মহিলা জামায়াতের সম্মেলনে বক্তব্য রাখেন নুরুন্নিসা এমপি : নয়া দিগন্ত
দিনাজপুরে মহিলা জামায়াতের সম্মেলনে বক্তব্য রাখেন নুরুন্নিসা এমপি : নয়া দিগন্ত

দিনাজপুর প্রতিনিধি

সমাজ পরিবর্তনে নারীদেরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা এমপি। তিনি বলেন, বসে থাকলে হবে না, নিজেদের কাজের পরিবেশ নিজেদেরই তৈরি করতে হবে।

গতকাল শুক্রবার সকালে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা মহিলা বিভাগের সেক্রেটারি মোস্তাকিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম এমপি, রংপুর-দিনাজপুর অঞ্চলের মহিলা বিভাগের পরিচালিকা রোজিনা রোজি, সাবেক অঞ্চল পরিচালিকা অধ্যাপিকা মেহেরুন নেছা, অঞ্চল টিম সদস্য সিদ্দিকা খাতুন বিথী ও জাকিয়া জাবিন, অঞ্চল সহকারী পরিচালিকা আফরোজা বেগম এবং জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি গুলশানারা নার্গিস।

নুরুন্নিসা সিদ্দিকা বলেন, ইসলামী আদর্শ, ধৈর্য ও ত্যাগের মাধ্যমে সমাজ পরিবর্তনের কাজ এগিয়ে নিতে হবে। সব বাধা ও প্রতিকূলতা অতিক্রম করে দ্বীনি কার্যক্রম আরো বেগবান করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মহিলা বিভাগের জেলা কর্মপরিষদ সদস্য জান্নাতুন ফেরদৌস। সম্মেলনে জেলার বিভিন্ন এলাকা থেকে নারী কর্মী ও দায়িত্বশীলরা অংশ নেন।