ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন কোচ জাবি আলোনসোর অধীনে দারুণ এক জয়ে মৌসুম শুরু করেছে চেলসি। ওয়েস্ট লন্ডন ডার্বিতে ফুলহ্যামকে ৩-২ গোলে হারিয়েছে ব্লুজরা। ম্যাচের শুরুতেই চমক দেখায় চেলসি। মাত্র ৩১ সেকেন্ডে কোল পালমারের বাড়ানো বল থেকে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন জোয়াও পেদ্রো। খেলার প্রথমার্ধেই ফুলহ্যাম সমতায় ফিরলেও, চেলসির নতুন আক্রমণভাগের দুর্দান্ত পারফরম্যান্স থামানো যায়নি। অভিষেক ম্যাচে গোল পান মরগান রজার্স। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করেন দুর্দান্ত ফর্মে থাকা কোল পালমার নিজেও। ফুলহ্যামের পক্ষে জোশ কিং ও গঞ্জালো গার্সিয়া গোল করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি স্বাগতিকরা। রোমাঞ্চকর এই জয়ে দুর্দান্ত সূচনা হলো আলোনসো যুগের।
এদিন ইতালিয়ান সিরি ‘আ’র ম্যাচে ড্যানিয়েল মালেনের হ্যাটট্রিকের সুবাদে ফিওরেন্টিনাকে ৪-০ ব্যবধানে হারিয়েছে এএস রোমা। বোলোগনাকে তাদেরই মাঠে ১-০তে হারিয়েছে লাজ্জিও। স্প্যানিশ লা লিগায় ওসাসুনার মাঠে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে লেভান্তে। ডেপোর্টিভো লা করুনা ১-১ গোলে ড্র করে মালাগার বিপক্ষে।
এক মৌসুমে একই ক্লাবের মূল কোচ ছিলেন দুইজন। স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদে গত মৌসুমে কোচ ছিলেন জাভি আলোনসো। গত ১২ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে ৩-২ ব্যবধানে হার এবং প্রায় আট মাস দায়িত্ব পালনে দলের পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিয়ে অসন্তোষ। এরপর দুই পক্ষের সমঝোতায় কোচের পদ ছাড়েন ৪৪ বছর বয়সী স্প্যানিশ সাবেক এই ফুটবলার। তার স্থলাভিষিক্ত হয়েছিলেন রিয়াল মাদ্রিদের রিজার্ভ দল বা কাস্টিয়ার তৎকালীন কোচ আলভারো আরবেলোয়া। তিনিও দায়িত্ব নেয়ার পর ক্লাবে সাফল্য পাওয়ার যে প্রবল চাপ থাকে, তা পুরোপুরি ধরে রাখতে পারেননি। তার অধীনে বার্নাব্যুর ক্লাবটি কোনো শিরোপা জিততে পারেনি। খেলোয়াড়দের সাথে কিছু বিষয়ে মতবিরোধ এবং ড্রেসিংরুমে অভ্যন্তরীণ চাপ তৈরি হয়েছিল। যার ফলে গত মে মাসের শেষের দিকে তিনি রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
স্প্যানিশ লা লিগা ছেড়ে এবার ইংলিশ প্রিমিয়ার লিগে এই দুই কোচ। চেলসিতে আলোনসো আর আরবেলোয়া যোগ দেন ফুলহ্যামে। নতুন মৌসুমে নতুন ক্লাবের ডাগআউটে অভিষেক ম্যাচে এবার দু’জন প্রতিপক্ষ। আর সেই রোমাঞ্চকর লড়াইয়ে জয় দিয়েই যাত্রা শুরু করল আলোনসো।
রোমাঞ্চকর জয়ে লিগ শুরুর পর দারুণ খুশি শাবি আলোন্সো। বিশেষ করে, আক্রমণভাগের ত্রয়ীর পারফরম্যান্সে তিনি উচ্ছ্বসিত। সেখানে আলাদা করে বললেন কোল পামারের কথা। চেলসি কোচের মতে, পামার দায়িত্ব নিয়ে খেললে গোটা দল আরো বেশি উজ্জীবিত হয়ে ওঠে।



