নয়া দিগন্ত ডেস্ক
বাগদানের আংটিটি প্রায় ১০ বছর আগে টয়লেটে পড়ে গিয়েছিল। ফিরে পাওয়ার কোনো আশাই ছিল না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের টাইটান প্লাম্বার কোম্পানির মিস্ত্রিরা জরুরি ডাক পেয়ে হার্টল্যান্ডের শপিং প্লাজার সুয়ারেজ লাইন পরিষ্কার করতে যায়। সেখানে একটি পাইপ খোলার পরে তারা দেখতে পান কী একটি যেন চকচক করছে। প্লাম্বিং কোম্পানির মালিক গ্রেগ জনসন জানান, বস্তুটি আর কিছু নয় একটি এনগেজমেন্ট রিং। তিনি বলেন, আমরা এটি পাওয়ার পর একে অপরের দিকে বিস্ময়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। সিদ্ধান্ত নিলাম দেখা যাক, এর মালিককে পাওয়া যায় কি না। তারা আংটি পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দেন। দ্রুতই সাড়া মিলে সু নামের এক মহিলার কাছ থেকে। তিনি এক স্থানীয় একটি স্পাতে কাজ করেন। ওই মহিলা স্মরণ করেন ১০ বছর আগে একজন সেবাগ্রহীতা তার স্টোরে এসে আংটিটি দেখাতে গিয়ে টয়লেটে পড়ে যায়। সু ও ওই নারী মিলে আংটি খোঁজার জন্য বড় রাবারের গ্লাভস কিনে ভেতরে হাত ঢুকিয়ে অনেক চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর পাননি।
জনসন জানান, শেষ পর্যন্ত আংটির মালিক ক্যারল ওরামকে পাওয়া গেছে। তাকে এটি ফিরিয়ে দেয়ার পর তিনি বিস্মিত, এ আংটি আর কখনো পাবেন চিন্তাও করেননি। আনন্দে প্রায় কেঁদে ফেলেন ওরাম। তিনি ও রজার প্রায় ৬০ বছরের দাম্পত্য জীবন অতিবাহিত করছেন। ১৯৬৫ সালে আংটিটি কিনেছিলেন রজার।



