ভোলা প্রতিনিধি
জমিজমা বিরোধের জেরে ভোলায় এক ছাত্রদল নেতা খুন হয়েছেন। নিহতের নাম রেজোয়ান আমিন সিফাত। তিনি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক ও ৯ নং ওয়ার্ড সম্পাদক আলাউদ্দিন হাওলাদারের ছেলে এবং নিহত সিফাত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি ও আসন্ন কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী ছিলেন।
নিহত সিফাতের পিতা আলাউদ্দিন হাওলাদার জানান, বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সিফাত। ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে বাড়ির কাছেই রাস্তায় ওঁৎপেতে থাকা প্রতিপক্ষরা তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরে আমরা ঘটনাস্থলে এসে পাঁচজনকে চিনতে পেরেছি। তারা আমাদের রাজনৈতিক ও পারিবারিক দীর্ঘদিনের শত্রু। তিনি আরো অভিযোগ করেন বলেন, হামলাকারীদের মধ্যে হাসিব, শাকিল, সিহাব, রনি ও মঞ্জিলসহ অজ্ঞাত আরো সাত-আটজন জড়িত ছিল। অভিযুক্তদের মধ্যে তিনজন নিহত সিফাতের আপন চাচাতো ভাই ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও রাজাপুর ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল মেম্বারের ছেলে। জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড হয়েছে বলে জানান স্থানীয়রা। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় সিফাতকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছাত্রদল নেতার মৃত্যুর খবর শুনে ভোলার বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় জমান এবং হত্যার সাথে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনা স্থলে পাঠিয়েছি। দ্রুত আসামিদের গ্রেফতার চেষ্টা চলছে।



