এএফপি
ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ জানিয়েছেন, গত মাসের জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আন্তর্জাতিক বিমানবন্দরটি বিকল্প রানওয়ে ব্যবহার করে যত দ্রুত সম্ভব বাণিজ্যিক ফ্লাইটের জন্য চালু করা হবে। সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরটি কারাকাসের উত্তরে লা গুয়াইরায় অবস্থিত। ২৪ জুনের ৭ দশমিক ৩ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল এই এলাকা। ওই ভূমিকম্পে অসংখ্য আবাসিক ভবন ধসে পড়ে এবং প্রায় তিন হাজার ৭০০ মানুষ প্রাণ হারায়।
ল্যাতিন আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর অন্যতম ভূমিকম্পে হাজারো মানুষ গৃহহীন হয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরায় এখনো হাজারো মানুষ নিখোঁজ। স্বজনদের খুঁজে পেতে পরিবারগুলো এখনো ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। বর্তমানে বিমানবন্দরটি আংশিকভাবে মানবিক সহায়তা বহনকারী ফ্লাইটের জন্য খোলা রয়েছে।



