কলকাতায় আগুনে মারা যাওয়া ৬ বাংলাদেশীর লাশ দেশে পৌঁছেছে

Printed Edition

বেনাপোল (যশোর) সংবাদদাতা

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ‘শিখা ইন’ নামের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যাওয়া ছয় বাংলাদেশীর লাশ দেশে পৌঁছছে। গতকাল বেনাপোল ও ভোমরা স্থলবন্দর দিয়ে তাদের লাশ হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এ সময় পরিবারের লোকজন ও আত্মীয়রা কফিন ধরে কান্নায় ভেঙে পড়েন।

ভারতের পক্ষ থেকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও বিজিবির কাছে পাঁচজনের লাশ হস্তান্তর করা হয়। তারা হলেন- সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৯), স্ত্রী আফসানা শারমীন (২৭), ছেলে শর্ণশীষ দত্ত (৩), শ্বশুর আকরাম হোসেন (৬০) ও ঢাকার সাভারের আহমেদ বাবু (৩৭)। এ ছাড়াও ভোমরা বন্দর দিয়ে সাতক্ষীরার কালিগঞ্জের এস এম আলিমুজ্জামানের লাশ গতকাল দুপুর ১২টার দিকে দেশে পৌঁছেছে বলে জানা গেছে। আর পরিবারের সম্মতিতে রেবতী সরকারের লাশ কলকাতাতেই সৎকার করা হবে।

উল্লেখ্য গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ২টার দিকে কলকাতা নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ নামে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন মারা যান। এর মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের চারজন, সাতক্ষীরার দু’জন এবং ঢাকা সাভারের একজন রয়েছেন।

গতকাল লাশ হস্তান্তরের সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ, বেনাপোল পোর্ট থানা পুলিশ ও আইসিপি বিজিবি ক্যাম্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ফেরদৌস হোসেন খান জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।