সখীপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

অন্যান্য স্থানে নিহত ৩, আহত ৬

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

টাঙ্গাইলের সখীপুর, নারায়গঞ্জের সোনারগাঁও, মুন্সীগঞ্জের লৌহজং ও চটট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

সখীপুরে কৃষকের মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের সখীপুরে চার আরোহী নিয়ে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় জয়নাল আবেদীন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের প্রতিমা বংকী মিনি স্টেডিয়ামসংলগ্ন মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন প্রতিমা বংকী বাজার এলাকার মৃত গুঞ্জর আলীর ছেলে।

সোনারগাঁওয়ে পথচারী নিহত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাহে আলম (৫১) নিহত হন। তিনি অটোরিকশার পাশে দাঁড়িয়ে ছিলেন। ট্রাকটি পথচারী ও অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় অটোরিকশার চালকসহ চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।

গতকাল সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেনের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহে আলম উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের বাবরকপুর এলাকার মৃত মজিবুল হকের ছেলে। তিনি ওই গ্রামে ভাড়া থাকেন, বাড়ি ভোলা জেলায়। আহতরা হলেন অটোচালক শহিদ (৪০), যাত্রী আলিনুর (৬০), টিক্কা মিয়া (৪৫) ও সুরুজ মিয়া (৬৫)। তাদের সবার বাড়ি সোনাখালী এলাকায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সিরাজদিখানে নিহত ১

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ময়লাবাহী ইঞ্জিনচালিত গাড়ি ও মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দু’জন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিমতলা এলাকার যাত্রী ছাউনির পাশে ঢাকামুখী সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে। হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মামুনুর রশীদ নয়া দিগন্তকে জানান, কুচিয়ামোড়া ব্রিজের ২০০ গজ আগে ঢাকাগামী সার্ভিস লেন এলাকায় শ্রীনগর থেকে কেরানীগঞ্জ যাওয়ার সময় একটি ইঞ্জিনচালিত গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা একটি মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ সিদ্দিক (৫৮) নামে এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

মিরসরাইয়ে গাড়িচাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে গাড়িচাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (প্রায় ৩৫ বছর) নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মঈন উদ্দিন ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।